‘বাহুবলী টু’ : পাঁচদিনে সাতশ কোটি!
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলা ভারতীয় সিনেমা ‘বাহুবলী টু’ পাঁচ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৭১০ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা মঙ্গলবার টুইট করেন, “ ‘বাহুবলী টু’-এর বিশ্বব্যাপী আয়: ভারতে ৫৬৫ কোটি, ভারতের বাইরে ১৪৫ কোটি রুপি। সবমিলিযে ৭১০ কোটি রুপি।
মূলত তেলুগু ভাষার এই সিনেমাটির তৈরি করা হয়েছে হিন্দি, তামিল ও মালয়ালাম ভাষার সংস্করণ। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলছেন, বলিউডের অন্য সব সিনেমার রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ‘বাহুবলী টু’-এর হিন্দি সংস্করণ।
তিনি লিখেছেন, “সোমবার পর্যন্ত ‘বাহুবলী টু’-এর হিন্দি সংস্করণ ভেঙে ফেলেছে অন্য সবার রেকর্ড। ২ দিনে অর্ধশত কোটি রুপি, ৩ দিনে শতকোটি রুপি, এবং চতুর্থ দিনে দেড়শ’ কোটি রুপির ব্যবসা করেছে এটি।”
সপ্তাহান্তের ছুটি শেষ হয়ে যাওয়ার পরও বক্স-অফিসের ‘বাহুবলী’ জ্বর যেন কাটছেই না। রমেশ বালা বলছেন, সোমবারেও ভারতে ‘বাহুবলী টু’য়ের হিন্দি সংস্করণের আয় ছিল ৩৭ কোটি রুপি। এটিই ভারতের যে কোনো সিনেমার জন্য সর্বোচ্চ সোমবারের আয়।
ভারতের বাইরেও সমানতালে ব্যবসা চালিয়ে যাচ্ছে ‘বাহুবলী টু’। তরণ আদর্শ বিস্ময় প্রকাশ করেছেন এ নিয়েও।
তিনি লিখেছেন, “কখনো কি ভেবেছিলেন, ভারতের সিনেমা কেবল যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহেই ৬৫ কোটির উপরে ব্যবসা করবে? ‘বাহুবলী টু’ সেটা করে দেখিয়েছে।”
ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার আসন অবশ্য এখনও ধরে রেখেছে আমির খান অভিনীত ‘পিকে’। ২০১৪’র সিনেমাটির মোট আয় ৭৯২ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, প্রথম সপ্তাহেই ‘পিকে’র রেকর্ড ভাঙতে সক্ষম হবে সিনেমাটি।
