২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিক্সাওয়ালাকে নিয়ে আইয়ুব বাচ্চুর গান ‘গন্তব্য’

পঁচিশজন গীতিকারের লেখা রিক্সা চালককে নিয়ে গান । গেয়েছেন আইয়ুব বাচ্চু। প্রকাশিত হল ২মে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 05:52 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

‘রক্তঝরা ঘামে ভিজে যায় সব আশা, শত হতাশা, শত নিরাশা, প্যাডেল চেপে ছুটে চলে সে দূর থেকে দূরান্তে’-শ্রমজীবি মানুষের প্রতীক রিক্সাওয়ালাকে নিয়ে এমন গান রচনা করেছেন পঁচিশজন গীতিকার। তাতে সুর ও কণ্ঠ বসিয়েছেন আইয়ুব বাচ্চু। মে দিবসের একদিন পর গানটি তিনি প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

বললেন, “অনেকদিন আগের কথা, হঠাৎ ইচ্ছে হল সবাইকে নিয়ে একটা গান করবো। যার প্রথম লাইনটুকু শুধু আমি লিখে দিয়ে আমন্ত্রণ জানালাম বাকিটা সবাইকে লিখে শেষ করতে হবে, এবং অবিশ্বাস্য ভাবে আমাকে অবাক করে দিয়ে গানটা লিখে শেষ করে দিলেন সবাই। অনেকজন মিলে আমরা একটা চমৎকার গানের কথা শেষ করতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি, যারা বিশ্বাস করেছিলেন ঐ সময় আমাদের এই বিশাল স্বপ্নকে। ধন্যবাদ জানাচ্ছি এই ‘গন্তব্য’ গানটির প্রতিজন গুণী গীতিকার বন্ধুদের” ।

গানটির গীতিকারদের তালিকাও প্রকাশ করেছেন আইয়ুব বাচ্চু। তারা হলেন- নারগিস আফরোজ চৌধুরী, দীপান্বিতা দ্বিপবাসিনী, নাজিয়া জেরিন হোসাইন, মনোয়ারুল হক, আফসারি রুবাবা, রায়হান সুলতান, কিঞ্জল ভট্টাচার্য, নাহিদ শেখ, যায়েদ জামান, শাহাদাত সোহাগ, ফারহান জাহিম, মোহাম্মদ শাহনুর, এফবি খান এবি, ইতিহাস কাজী, কামরুন নাহার সুমি, পার্থ রায়, পলিন, রানা সরকার, সাব্বির রহমান, সাইফুল আলম শামিম, মৃম্ময় ঘোষ, ইব্রাহীম হাসান, অপু আহমেদ, আহমেদ রাজু ও ফাইজুস মাসুম।