২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদের আবেদনের পরও একসঙ্গে ইস্টার উদযাপন বেন-জেনিফারের

কিছুদিন আগেই বিচ্ছেদের চূড়ান্ত আবেদন করার পরও সন্তানদের কথা ভেবে একসঙ্গে ইস্টার উদযাপন করেছেন বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 07:40 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

‘ই!’ অনলাইন বলছে, রোববার লস এঞ্জেলসের একটি গির্জা থেকে তিন সন্তান ভায়োলেট (১১), সেরাফিনা (৮) এবং স্যামুয়েলকে (৫) নিয়ে বের হতে দেখ যায় সাবেক এই দম্পতিকে।

এসময় জেনিফারের পরনে ছিল হালকা নীল রঙের একটি পোশাক। বেন অ্যাফ্লেক নিজেও পরেছিলেন নীলচে ছাই রঙের একটি স্যুট।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিচ্ছেদের জন্য চূড়ান্ত আবেদন করেন বেন অ্যফ্লেক ও জেনিফার গার্নার। আবেদনপত্রে সম্পত্তির বাঁটোয়ারা নিজেদের মধ্যস্ততায় করার পাশাপাশি সন্তানদের ভরন-পোষণের দায়িত্ব দুজনে মিলেই করার আর্জি জানান তারা।

দুই বছর আগে বিচ্ছেদের ঘোষণা দেওয়া এই সাবেক দম্পতি গত কয়েকমাসে সন্তানদের সঙ্গে একত্রে কাটিয়েছে অনেকটুকু সময়। তখন এমনকী এটাও শোনা যাচ্ছিল দাম্পত্য মতবিরোধ দূর করতে নতুন করে সন্তান নেওয়ার কথাও ভাবছেন তারা। বিশেষ করে বেন অ্যাফ্লেক-এর মদাসক্তি দূর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকে এই জুটির একছাদের নীচে ফিরে আসার গুজব আরও জোরালো হয়।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুদিন আগেই বিচ্ছেদের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষের আবেদন করেন তারা।

এ ব্যাপারে তখন তাদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, “মানুষ কী বলছে, তা জানা সত্ত্বেও তারা সবসময়ই চাইতেন বিচ্ছেদ নিতে। তারা ঠিক তাই করেছেন যেটা তারা চাইতেন, এবং এরপরও সন্তানদের জন্য যেটা সবচেয়ে ভাল তারা সেই পথেই এগিয়েছেন।”