২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের বেশে রণবীরের ছবি প্রকাশে ক্ষুব্ধ দিয়া

সঞ্জয় দত্ত’র বায়োপিকের প্রধান অভিনেতা রণবীর কাপুর-এর শুটিংরত কিছু ছবি অন্তর্জালে ফাঁস হয়ে যাওয়ায় চটেছেন এই সিনেমার অভিনেত্রী দিয়া মির্জা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 08:06 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

সম্প্রতি পঞ্চাশোর্ধ সঞ্জয় দত্ত’র বেশে রণবীর কাপুর-এর কিছু ছবি ভাইরাল হয় নেটদুনিয়া। শুটিংয়ের সময় তোলা সেসব ছবি নিয়েই চটেছেন দিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়া বলেন, “আপনাদের রণবীর-এর এই চেহারা দেখানো উচিৎ হয়নি। গণমাধ্যম এটিকে ফাঁস করে দিয়েছে। আমরা সেদিন শুটিং করছিলাম, এবং আমাকে বলতেই হচ্ছে, ব্যাপারটি খুবই বিব্রতকর। এটা এমন এক লুক ছিল, যেটা আমরা আরও পরে প্রকাশ করার কথা ভাবছিলাম। মানুষ যেভাবে গ্রহণ করেছে এটি, তাতে অবশ্যই আমরা উচ্ছ্বসিত; কিন্তু গণমাধ্যম যদি আমাদের গোপনীয়তাকে সম্মান জানিয়ে ছবিগুলো ফাঁস না করতো, তাহলে ভাল হত।”

এসময় উপস্থিত প্রতিবেদক রণবীর কাপুর নিজেই সঞ্জয় দত্ত’র বেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে জানালে দিয়া বলেন, “হ্যাঁ, সেটা সে করছে। কিন্তু শুটিংয়ের সময় তো গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ করা হয়নি।”

সিনেমাটিতে দিয়া মির্জা অভিনয় করছেন সঞ্জয় দত্ত’র বর্তমান স্ত্রী মান্যতা দত্ত’র ভূমিকায়। নিজের চরিত্র সম্পর্কে কোনো কিছু প্রকাশ না করলেও রণবীর-এর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে তাকে।

তিনি বলেন, “রণবীর অসাধারণ, এব্যাপারে কোনো দ্বিমত নেই। তার সঙ্গে কাজের ব্যাপারটা খুবই শিক্ষণীয় ছিল। সে দারুণ প্রতিভাবান এবং তাকে কাজ করতে দেখাটা দারুণ সৌভাগ্যের। আমি আজ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে রণবীর-এর মেজাজ সবচেয়ে নিয়ন্ত্রিত। একজন অভিনেতার জন্য এটা অনেক বড় প্রশংসা।”

সিনেমাটিতে দিয়া মির্জা’র অন্তর্ভুক্তি নিয়ে খুশি খোদ সঞ্জয় দত্ত, সাক্ষাৎকারে এটাও জানান তিনি।

দিয়া বলেন, “সঞ্জয় স্যার খুবই খুশি যে আমি সিনেমাটিতে কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তার সঙ্গে দীর্ঘদিন ধরেই আমার সুসম্পর্ক রয়েছে। তার সঙ্গে এর আগেও আমি সিনেমায় অভিনয় করেছি।”