সঞ্জয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা
নির্মাতা শাকিল নুরানিকে হত্যার হুমকি দেওয়ার অভিযেগে ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত’র বিরুদ্ধে মুম্বাইয়ের একটি আদালত থেকে জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।
২০০২ সালে শাকিল নুরানি’র ‘জান কি বাজি’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়ে সাইনিং মানি হিসেবে ৫০ লাখ রুপি নিয়েছিলেন সঞ্জয়। কিন্তু পরবর্তীতে সিনেমাটিতে কাজ তিনি করেননি। অভিযোগ উঠে, অভিনয় না করলেও আগে নেওয়া ৫০ লাখ রুপিও আর ফেরত দেননি তিনি।
এর পর নুরানি আদালতের দ্বারস্থ হলে মুম্বাই হাইকোর্ট সঞ্জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। সেই সময়েই নুরানি থানায় অভিযোগ করেন যে, সঞ্জয় তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বলা হয়, সঞ্জয়ই কিছু আন্ডারওয়ার্ল্ড ডনকে দিয়ে তাকে হুমকি দেওয়াচ্ছেন।
২০১৩-তে এই মামলার সূত্রে সঞ্জয়কে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সঞ্জয় যাননি। তখনই তাঁর নামে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু পরে সঞ্জয় আদালতে হাজিরা দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা মওকুফ করে দেওয়া হয়।
১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার সঙ্গে যুক্ত থাকার এবং বেআইনি অস্ত্র রাখার মামলায় দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ভোগ করতে হয় সঞ্জয়কে।
সঞ্জয় জেল থেকে মুক্তি পাওয়ার পর তার বিরুদ্ধে ফের পুরনো মামলা চালু হয়। সেই ভিত্তিতে দু’বার তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়। কিন্তু এরমধ্যে তিনি এক বারও আদালতে উপস্থিত হননি। তখনই তাঁর নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয় আদালত।
শাকিল-এর উকিল নিরাজ গুপ্তা বলেলেন, প্রযোজকের দাবি, সঞ্জয় সই-বাবদ নেওয়া ৫০ লাখ রুপির সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত দু’ কোটি টাকা দিবেন।
সূত্রের খবর, আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন সঞ্জয়।
