২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পুরস্কার বিতর্ক নিয়ে যা বললেন অক্ষয়

ভারতের ৬৪তম জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা অক্ষয় কুমার। অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শক মাত করে আসলেও মিলছিলো না কাজের স্বীকৃতি। পুরস্কার আসরগুলোতে এক রকম উপেক্ষিতই ছিলেন বলিউডের আয়ের শীর্ষে থাকা এ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2017, 08:25 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

২০১৬’র অন্যতম ব্যবসাসফল তিন ছবি- ‘এয়ার লিফ্ট’, ‘রুস্তম’ ও ‘হাউসফুল-থ্রি’ এর কল্যাণে বলিউডের অন্যতম দামী তারকায় পরিণত হন অক্ষয়। সমালোচকদের তরফ থেকে সুঅভিনয়ের স্বীকৃতি মিললেও ফিল্মফেয়ার, স্টারডাস্ট সহ নামী-দামী সব পুরস্কার আসরে এক রকম অবহেলিতই ছিলেন তিনি। অবশেষে ভারতের সর্বোচ্চ সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মুকুট জয় করে দীর্ঘদিনের পুরস্কার খরা ঘুচিয়েছেন এ তারকা।

পুরস্কার মিললেও শেষ হয়নি বিতর্ক! অনেকেই বলছেন, অক্ষয় ছাড়াও আমির খান ও মনোজ বাজপেয়ি’র মতো তারকারা ছিলেন এ পুরস্কারের যোগ্য। এমনকি বিচারক কমিটির প্রধান প্রিয়দর্শনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদেই জাতীয় পুরস্কার জিতেছেন অক্ষয়- এমনটাও বলতে ছাড়েননি নিন্দুকেরা। তবে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে প্রিয়দর্শন বলেছিলেন, আমির কিংবা মনোজ নয়, ৩৮ জন বিচারকের রায়ে এগিয়ে ছিলেন অক্ষয়। তাই এ তারকার পুরস্কার জেতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

এ প্রসঙ্গে মুম্বাই মিররকে দেয়া সাক্ষাতকারে ‘রুস্তম’ তারকা বলেন, “বলিউডে প্রায় ২৫ বছর ধরে কাজ করছি। আজ অবধি কোনো চরিত্র কিংবা পুরস্কার পাওয়ার জন্য কারও কাছে যাইনি। আমার যা কিছু অর্জন তা কাজেই মাধ্যমেই পেয়েছি। প্রিয়দর্শন আমার কাছের বন্ধু- এটি সত্যি হলেও তার সঙ্গে পুরস্কার জেতার কোনো সম্পর্ক নেই। আশা করি এ ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত তার সাক্ষাতকারটি সবাই পড়েছেন।”

অক্ষয় আরও বলেন, “পুরস্কার পেয়ে আমি যতটা না খুশি হয়েছি তার চেয়েও বেশি খুশি হয়েছি আমার স্ত্রী টুইঙ্কল খান্নার আনন্দ দেখে! আমি পুরস্কার পাই না দেখে অনেক দিন ধরেই সে আমাকে তিরস্কার করে আসছিলো। এখন আর সেই সুযোগটি পাবে না সে!”

সামনেই আসছে অক্ষয় অভিনীত নতুন সিনেমা ‘টয়লেট: এক প্রেম কথা’। ১১ আগস্ট শাহুরখ খানের ‘রেহনুমা’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে এ ছবিটি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনো সমস্যা নয়। প্রতিটি ছবিরই আলাদা দর্শক আছেন। সিনেমা ভালো হলে মানুষ তা দেখবেই। এর আগে বেশ কিছু জনপ্রিয় ছবি- ‘লগন’ ও ‘গাদ্দার: এক প্রেম কথা’, ‘দিল’ ও ‘ঘায়েল’ ছবির ক্ষেত্রেও এমন ঘটেছে।”