দীপিকার অসুস্থতার জন্য থেমে গেলো ‘পদ্মাবতী’র শুটিং
২০১৭’র অন্যতম আলোচিত ও আকাঙ্খিত ছবি ‘পদ্মাবতী’। দৃশ্যধারণ শুরু পর থেকেই নানা কারণে আলোচিত হয়ে আসছে বনশালী’র ইতিহাসনির্ভর এ ছবি। এবারে এ ছবির অন্যতম প্রধান চরিত্র অভিনয়কারী দীপিকা পাড়ুকোনের শারীরিক অসুস্থতার জন্য থমকে গেলো ছবিটির দৃশ্যধারণের কাজ।
গত কয়েক মাস ধরে সঞ্জয়লীলা বনশালী’র ‘পদ্মাবতী’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা পাড়ুকোন। বনশালী’র স্বপ্নের এই সিনেমার জন্য দীপিকা ছেড়ে দিয়েছেন শাহুরখ খান-এর মতো তারকার সঙ্গে কাজের প্রস্তাবও। কিন্তু চরিত্রের প্রয়োজনে দীর্ঘ সময় ভারী অলঙ্কার পড়ে থাকতে গিয়ে ঘাড় ও গলায় চোট পেয়েছেন দীপিকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস’তে দেয়া এক সাক্ষাতকারে দীপিকার মুখপাত্র বলেন, “ঘাড় ও গলার ব্যাথার কারণে কিছুদিন শুটিং থেকে দূরে থাকবেন দীপিকা। সুস্থ হলে আবারও অভিনয়ে ফিরে আসবেন।”
ক’দিন আগে মুম্বাই মিরর’কে দেয়া সাক্ষাতকারে ‘পিকু’ তারকা বলেছিলেন, এ মুহূর্তে ‘পদ্মাবতী’র রানী পদ্মিনী চরিত্রের ভেতরেই ডুবে আছেন তিনি। আগামী কিছুদিন অন্য সব বাদ দিয়ে কেবল ‘পদ্মাবতী’র ছবির শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন বলেও জানিয়েছিলেন এ অভিনেত্রী।
সর্বশেষ দীপিকাকে দেখা গেছে করণ জোহরের বাড়িতে এক অনুষ্ঠানে। সে সময় তার সঙ্গে ছিলেন কথিত প্রেমিক রনবীর সিং। পদ্মাবতী’তে দীপিকার বিপরীতেও দেখা যাবে রনবীর সিং’কে। এতে আরও অভিনয় করছেন ‘রেঙ্গুন’ তারকা শহীদ কাপুর।
