২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের পহেলা বৈশাখের স্মৃতিকথা

পহেলা বৈশাখ মানেই উৎসবের দিন। ছোটবেলায় এই আনন্দের দিনে কীভাবে কাটিয়েছেন তা জানতে বেশ কয়েকজন তারকার মুখোমুখি হয়েছিলো গ্লিটজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 06:11 PM

Updated : 11 Oct 2022, 01:48 PM

ছাত্রজীবনের পহেলা বৈশাখ সবচেয়ে মজার ছিলো বলে মনে করেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

গ্লিটজকে তিনি বলেন,“ছাত্রজীবনের পহেলা বৈশাখ ছিলো সবচেয়ে বেশি মজার, বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেই সময়টায় রমনার বটমূল, টিএসসি, চারুকলায় সারাদিন বন্ধুদের নিয়ে মজা করতাম। দুপুরে সব বন্ধুরা মিলে হোটেল নিরবে খাবার খেতে যেতাম। আসলেই সেই সময়র পহেলা বৈশাখের যে মজা তা একেবারেই ভিন্ন।”

তবে পহেলা বৈশাখের দিনটা ঈদের মত আনন্দের হলেও পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। এমনটাই মনে করেন ‘ব্ল্যাকমানি’খ্যাত চিত্রনায়িকা কেয়া।

গ্লিটজকে তিনি বলেন,“ছোটকালে এই দিনটায় অনেকটা ঈদের মতই আনন্দ করতাম। আমার কাছে পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। যদি ইলিশ না পাওয়া যায় সেক্ষেত্রে ভর্তাটা খুবই ভালো লাগে। ছোটবেলায় ঘুম থেকে উঠেই পান্তা-ইলিশ খেতাম। যে অভ্যাসটা এখনও রয়েছে। যদি কখনও দেখি ঘুম থেকে উঠে পান্তা ভাত না পেতাম সেক্ষেত্রে গরম ভাতে পানি ঢেলে পান্তা ভাত বানিয়ে খেতাম। যদিও আমার মা সবসময় পহেলা বৈশাখে সকালের নাস্তা আগে থেকেই প্রস্তুত করে রাখেন কিন্তু যখন ঘুম থেকে জেগে দেখতাম পান্তা ভাত শেষ হয়ে গিয়েছে তখনই এমনটা করতাম। এমন ঘটনা বড় হয়ে যাওয়ার পরেও অনেকবার ঘটেছে। এছাড়াও যেহেতু বছরের সবসময় তো খুব বেশি সাজগোজ করা হয়ে উঠেনা। তাই এই দিনটায় লাল পাড়ের সাদা শাড়ী পরে বেশ সাজাগোজ করার একটার সুযোগ থাকে।”

কিন্তু পহেলা বৈশাখ এলেই নাকি ছেলেদের সঙ্গে দুষ্টুমি করার সুযোগ মিলে যেতো। এমনটাই বললেন ‘অগ্নি’খ্যতি নায়িকা মাহিয়া মাহি।

গ্লিটজকে তিনি বলেন,“ছোটবেলায় স্কুলে পড়ার সময় যাদের সঙ্গে দুষ্টুমি করতাম তাদের সঙ্গে এই দিনে লুকিয়ে দেখা করার একটা সুযোগ পেতাম। কারণ সেই সময় তো কারো সঙ্গে নিয়মিত দেখা করার কোনো সুযোগ থাকতো না। বলতে গেলে বছর জুড়েই নিজেকে বন্দী মনে হতো। কিন্তু এই একটি দিনে যেহেতু সুযোগটা মিলে যেতো তাই সবসময় এই দিনের অপেক্ষায় থাকতাম। এই দিনটায় নতুন শাড়ী পরে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে একটু রিক্সায় করে ঘুরে বেড়ানোর সুযোগ থাকতো। এছাড়াও কারো সঙ্গে লুকিয়ে দেখা করা যেতো। সেই মজাটা এখন আর নেই। কারণ এখন তো বিয়ে করে ফেলেছি।”

তবে খুব অল্প বয়সেই মডেলিং শুরু করার ফলে আর বৈশাখী মেলায় নিয়মিত যাওয়া হয়ে উঠেনি। ছোটবেলায় বৈশাখ পালনের স্মৃতি স্মরণ করে এমন কথাই শোনালেন জান্নাতুল ফেরদৌস পিয়া।

গ্লিটজকে তিনি বলেন, “আমি যেহেতু খুলনায় বড় হয়েছি তাই সেই সময়টায় পহেলা বৈশাখ মেলায় যাওয়া হত। কিন্তু যখন থেকে আমি মডেলিং শুরু করলাম তখন থেকে আর মেলায় যাওয়া হয়ে উঠতো না। কারণ ছোটবেলা থেকেই আমি খুব রাগী। যদি মেলায় যাওয়ার পরে যেখানে কোনো ছেলে আমার সঙ্গে কোনো দুষ্টুমি করে সেক্ষেত্রে আমি রেগে গিয়ে কী করে ফেলি এই কারণে মা আমাকে মেলায় যেতে দিতেন না। তবে সেই সময়টায় অন্যতম মজার স্মৃতি হলো আমার মডেলিংয়ের আয় থেকে পহেলা বৈশাখে আমার পরিবারের সবার জন্য আমার সাধ্যমত কেনাকাটা করতাম।”

অন্যদিকে ছোটবেলায় জমানো টাকা দিয়ে বৈশাখী মেলায় স্টল নেওয়ার গল্প শোনালেন ‘কিস্তিমাত’ ও ‘মুসাফির’খ্যাত চিত্রনায়ক আরেফিন শুভ।

তিনি বলেন,“ছোটবেলায় আমাদের স্কুল জীবনে ময়মনসিংহে তিনব্যাপী যে মেলা অনুষ্ঠিত হতো সেখানে আমরা ভাই ও বন্ধুরা মিলে স্টল নিতাম। আমাদের জমানো টাকা দিয়ে স্টলের জন্য বিভিন্ন জিনিস কিনে স্টল সাজাতাম। পরে সেই স্টল থেকে বিভিন্ন জিনিস বিক্রি করে পাঁচ টাকা বা দশটাকা লাভ হলে সেগুলো আবার নিজেদের মধ্যে ভাগ করা হত। সেই দিনগুলোর কথা এখনও খুবই মনে পড়ে। পরবর্তীতে যখন বড় হয়েছি তখন সকালে পান্তা-ইলিশ খাওয়া, বটতলা ও ধানমন্ডি লেকে ঘুরতে যাওয়া এবং বিকেলে টিএসসি এসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠার মত মূহূর্তগুলো খুবই আনন্দের ছিলো। কিন্তু এখন কাজের ব্যস্ততা ও সামাজিক দায়বদ্ধতার কারণে ইচ্ছে থাকার পরেও আগের মত আর এই দিনটাকে উদযাপন করা হয়ে উঠে না।” ছোটবেলায় পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে শাড়ি নিয়ে অনাকাঙ্খিত ঘটনার কারণে পরবর্তীতে এই দিনটিকে পরিবারের সঙ্গেই উদযাপন করা হয়। এমনটাই বললেন ‘দুই পৃথিবী’খ্যাত অভিনেত্রী অহনা রহমান।

গ্লিটজকে তিনি বলেন,“আমি একবার পহেলা বৈশাখে শাড়ি পরে বেইরে ঘুরতে গেলে সেখানে আমার শাড়িতে প্যাচ লেগে যাওয়ার কারণে মনের ভিতরে একটা ভয় ঢুকে যায়। ফলে পরবর্তীতে আর কোনো পহেলা বৈশাখে ঘর থেকে বের হওয়া হয়নি। তাই ছোট বেলায় পহেলা বৈশাখে বাড়ির বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে বাড়িতে সবাই মিলে একসঙ্গে দিনটাকে উদযাপনটাই বেশি করা হত।”