‘ক্রিকেট খেলা আমার কাছে মন্দিরে যাওয়ার মতো’
ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকর-এর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘শচীন : আ বিলিয়ন ড্রিমস’-এর প্রথম ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি।
দুই মিনিটের একটু বেশি দৈর্ঘ্যের ট্রেইলারটিতে দেখা গেছে টেন্ডুলকরকেও। তার জবানিতেই শোনা গেছে কীভাবে ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয় পাল্টে দিয়েছিল দশ বছর বয়সী ছোট্ট শচীন-এর জীবনকে। শচীনের ভাষ্যে, “তখন থেকেই আমার স্বপ্ন ছিল একদিন বিশ্বকাপ নিজের হাতে তুলে ধরবো।”
পাড়ার ওয়াচম্যানকে খেপিয়ে বেড়ানো দুষ্টু শিশুটির ধ্যান-জ্ঞান তখন থেকেই হয়ে ওঠে ক্রিকেট। যার ফলশ্রুতিতে ক্রিকেটের দীক্ষা নিতে তিনি ভর্তি হয়ে যান আচরেকর স্যারের ক্লাসে।
কালে কালে ভারতের অন্যতম ব্যাটিং ভরসায় পরিণত হন তিনি। কিন্তু ম্যাচ ফিক্সিঙের কালো অধ্যায় নেমে আসে ভারতের ক্রিকেটে। অন্য সবার মতো কাঠগড়ায় দাঁড় করানো হয় শচীনকেও। সেখান থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে স্বমহিমায় জ্বলে ওঠেন লিটল মাস্টার।
শচীনকে একপর্যায়ে বলতে শোনা যায়, “ক্রিকেট খেলা আমার কাছে মন্দিরে যাওয়ার মতো।”
ট্রেইলারের এক ফাঁকে দেখানো হয় শচীন-এর ব্যক্তি জীবনকেও। দুই সন্তান নিয়ে সুখী এক সংসারের পরও শচীনের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ক্রিকেট- একথা বলতে শোনা গেছে তার স্ত্রীকেই।
এছাড়াও একঝলকের জন্য দেখা যায় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। শচীন টেন্ডুলকর ভারতের সর্বশেষ তিন প্রজন্মের ক্রিকেটারদের জন্য কত বড় অনুপ্রেরণার নাম- সেকথাই তুলে ধরেন তিনি।
এমি মনোনয়ন প্রাপ্ত নির্মাতা জেমস এরস্কিন পরিচালিত এই প্রামাণ্যচিত্রটি মুক্তি পাবে ২৬ মে। এর সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।
