নিউইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভালের বিচারক হবেন প্রিয়াঙ্কা
যুক্তরাষ্ট্রের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব, নিউইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভাল-এর এবারের আসরে বিচারকের আসনে বসছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
হলিউড রিপোর্টার বলছে, উইলেম ডাফো, জ্যাচারি কুইন্টো, এমি বার্গ, শেইলা নেভিন্স, জেসি প্লেমনস এবং মেলানি লিনস্কিদের মতো তারকারা থাকবেন এবারের বিচারক প্যানেলে।
এই উৎসবের প্রামাণ্যচিত্র এবং স্টুডেন্ট ভিশনারি কম্পিটিশন বিভাগের বিচারকাজ করবেন তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে এই দায়িত্বে আরও থাকবেন অলিভিয়া থ্রিলবি, রায়ান এগল্ট, ব্রেন্ডান ফ্রেইজার এবং আইলিন গ্যালাগার।
২৭ এপ্রিল নিউইয়র্কে অবস্থিত বিএমসিসি ট্রাইবেকা পারফর্মিং আর্টস সেন্টারে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে। উৎসবটি চলবে এপ্রিলের ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে প্রিয়াঙ্কা জনপ্রিয় হয়েছেন ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে অ্যালেক্স প্যারিশ-এর ভূমিকায় অভিনয় করে। পরপর দুই বছর এই চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। চলতি বছরে মুক্তি পাবে তার অভিনীত প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’।
গত কয়েক বছর ধরেই অস্কার, গোল্ডেন গ্লোবস-এর মতো প্রথম সারির অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে নিয়মিত মুখ হয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। গতবছরের টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের একশ’ প্রভাবশালী মানুষের তালিকায় ভারতীয়দের মধ্যে স্থান পেয়েছে তার নামও।
দেশে তিনি চালু করেছেন পার্পল পেবলস পিকচার্স নামের একটি প্রযোজনা সংস্থা। সংস্থাটি ভারতের আঞ্চলিক সিনেমা তৈরিতে এই মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করছে।
