অক্ষয়ের সঙ্গে সিনেমা করতে চান শাহরুখ
সালমান খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকেএফ ও করণ জোহরের ধর্ম প্রডাকশনের যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন সালমান ও অক্ষয়। এবারে এ প্রসঙ্গে মুখ খুললেন শাহরুখ।
করণ জোহরের সিনেমার এক সময়ের নিয়মিত মুখ ছিলেন কিং খান শাহরুখ। বেশ কয়েক বছর ধরেই উল্টে গেছে চিত্রটি। গতানুগতিক অভিনেতা-অভিনেত্রীদের বাইরে নতুন তারকাদের নিয়ে কাজ করছেন করণ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও সালমান খানকে। সম্প্রতি গণমাধ্যমে শাহরুখ বললেন- অক্ষয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনিও।
ডিএনএ ম্যাগাজিন’কে দেওয়া এক সাক্ষাতকারে শাহরুখ বলেন, “সালমান ও অক্ষয় একই সঙ্গে কাজ করছেন এটা শুনে খুবই ভালো লাগছে। আরও আগেই অক্ষয়কে নিয়ে তাদের কাজ করা উচিত ছিলো। আমারও ইচ্ছে ছিলো অক্ষয়ের সঙ্গে কাজ করার। কিন্তু ব্যাটে-বলে মেলেনি বলে সেটি আর হয়ে ওঠেনি। তবে আমি তার সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী।”
শাহরুখ আরও বলেন, “যৌথ প্রযোজনায় এখন বেশ ভালো কাজ হচ্ছে। সালমান এবং করণের মতো দু’জন মিলে যখন সিনেমা বানাবে তখন সেটা একটি ভিন্ন মাত্রা পাবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও সামনে একটি কাজ করতে চাই। মহাভারতের ঘটনা নিয়ে একটি ছবি বানাতে চাই যেটি হবে বাহুবলী’র মতো বিগ বাজেটের ছবি। কারণ মহাভারতের ঘটনা নিয়ে ছবি তৈরি করতে হলে সেটিকে তেমনভাবেই তৈরি করা উচিত।”
সামনেই আসছে শাহুরখ খানের নতুন ছবি ‘রেহনুমা’। এতে তার বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মাকে।
