মৃত্যুর আগেই বিনোদ খান্নাকে নিয়ে দুই মিনিটের নীরবতা!
অভিনেতা বিনোদ খান্নার মৃত্যুর ভুয়া খবরে বিজেপি’র মেঘালয় শাখা তার শোকে দুই মিনিটের নীরবতা পালন করেছে!
অভিনয়ের পাশাপাশি রাজনীতির জন্যও সুপরিচিত বিনোদ খান্না। পাঞ্জাবের গুরুদাসপুরে বিজেপি দলের হয়ে নির্বাচন করে এমপি হিসেবে নির্বাচিতও হযেছিলেন তিনি। তাই অনলাইনে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার গুজব ও তার পরপরই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লে মেঘালয়ের বিজেপি শাখার কয়েকজন সদস্য বিনোদ খান্নার আত্মার শান্তি কামনায় তার উদ্দেশ্যে দুই মিনিটের নীরবতা পালন করে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশ করে একটি বিবৃতিও প্রকাশ করে তারা।
এ প্রসঙ্গে ওই এলাকার বিজেপি নেতা ডেভিড খরসাতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এব্যাপারে বলেন, “আমরা ভুল করে নীরবতা পালন করেছি। আমরা খুবই দুঃখিত। আমরা বিনোদ খান্নার দীর্ঘায়ূ কামনা করি।”
তিনি আরও বলেন, “আমাদের দুজন সদস্য টিভিতে ভুলভাল দেখে যাচাই না করেই আমাদের এই ভুল খবর দেয়। আমরা ক্ষমা চেয়ে একটি চিঠি প্রকাশ করেছি। দয়া করে আমাদের সহযোগিতা করুন।”
গত সপ্তাহে বিনোদ খান্না পানিশূণ্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতালে থাকা অবস্থায় তার একটি ছবি ভাইরাল হওয়ার পর তার ক্যান্সারের গুজব ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ওই ছবিতে একসময়ের সুদর্শন বলিউডি নায়ককে দেখা গেছে পক্ককেশের একজন হাড্ডিসার বৃদ্ধের চেহারায়।
এদিকে বিনোদ খান্না যে হাসপাতালে ভর্তি, সেই স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই ব্যাপারে বিনোদ খান্নার পরিবারের তরফ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা আসেনি।
