ইউটিউবে আকাশের ‘বৈশাখের বিকেল বেলায়’
বৈশাখ উপলক্ষে শ্রোতাদের নতুন গান উপহার দিলেন কলকাতার সংগীতশিল্পী আকাশ সেন। গানের শিরোনাম ‘বৈশাখের বিকেল বেলায়’। বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বৃহস্পতিবার ইউটিউবে এই গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
বৈশাখের প্রথমদিনের বিকেল বেলায় প্রিয়তমাকে প্রেমের গান উপহার দেওয়ার প্রস্তাবকে ঘিরে প্রেমিকের রোমান্টিক কর্মকাণ্ডগুলো ফুটে উঠেছে ‘বৈশাখের বিকেল বেলায়’ গানের মিউজিক ভিডিওতে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওর মডেল হয়েছেন আকাশ নিজেই। আকাশের সঙ্গে মডেল হয়েছে শ্রীপর্ণা রায়।
গানটি প্রসঙ্গে গ্লিটজকে আকাশ সেন বলেন, “বৈশাখ উপলক্ষে এই প্রথমবার কোনো গান করলাম। কিছুদিন আগে হঠাৎ করেই মাথায় একটা সুর এলো। তারপর গানের মুখরাটা তৈরি করে পুরো গানটি লেখার জন্য প্রিয় চট্টোপাধ্যায়কে দিলাম। তিনি বাকি গানটা লিখে দিলেন।গানের কথাগুলো খুবই মিষ্টি। আমার বিশ্বাস কলকাতা ও বাংলাদেশের শ্রোতাদের গানটি ভালো লাগবে।”
কেরিয়ারের শুরু কলকাতায় হলেও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বেশ কিছু সিনেমায় প্লে-ব্যাক করার সুবাদে বাংলাদেশের শ্রোতাদের কাছেও বেশ জনপ্রিয় আকাশ সেন। তার গাওয়া ও সুর করা উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলো হলো, ‘বাংলাদেশের মেয়ে’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ঢাকাই শাড়ি’, ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ ইত্যাদি।
অন্যদিকে ‘বৈশাখের বিকেল বেলায়’ ছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানের শিরোনাম ‘তোকে ছাড়া’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ নিজেই। গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকার এইচ এম রিপন।
