আত্মজীবনীতে দীপিকা, প্রিয়াঙ্কা কিংবা আলিয়াকে দেখতে চান আশা পারেখ
সামনেই আসছে সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী আশা পারেখ-এর আত্মজীবনী ‘দ্য হিট গার্ল’। আত্মজীবনী নিয়ে সিনেমা তৈরিতে আগ্রহী এ অভিনেত্রী জানালেন তার চরিত্রের জন্য পছন্দের তিন নায়িকার কথা।
‘দিল দেকে দেখ’, ‘লাভ ইন টোকিও’, ‘তুমসা নেহি দেখা’, ‘ম্যায় তেরে লিয়ে’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ৭৪ বছর বয়েসি এ অভিনেত্রী। পেয়েছেন ভারত সরকারের সম্মানজনক পুরস্কার ‘পদ্মশ্রী’। এছাড়াও ভারতের অন্যতম সফল ও খ্যাতিমান অভিনেত্রী হিসেবেই অভিহিত করা হয়ে থাকে তাকে। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাতকারে আশা পারেখ জানালেন তার অভিনয় জীবনের বেশ কিছু চমকপ্রদ অধ্যায়।
১৯৫২ সালের ছবি ‘আসমান’-এ শিশুশিল্পী চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম রূপালি জগতে পা রাখেন এ অভিনেত্রী। এরপর নায়িকা হিসেবে সিনেমায় ডাক পান ১৯৫৯ সালে বিজয় ভাটের ‘গুঞ্জ উঠি শেহনাই’ সিনেমার মাধ্যমে। কিন্তু অপরিণত বয়স ও অভিব্যক্তির জন্য শুটিং মাঝখানে বাদ দিয়ে দেয়া হয় তাকে। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। শাম্মি কাপুরের বিপরীতে ‘দিল দেকে দেখো’ সিনেমার মাধ্যমে প্রথম নায়িকা চরিত্র পর্দায় আসেন তিনি।
এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। সে সময়ের প্রায় সকল জনপ্রিয় পরিচালক ও অভিনেতাদের বিপরীতে দেখা গেছে তাকে। তবে বেশ কিছু ভালো চরিত্র ফিরিয়ে দিয়েছিলেন এ তারকা। এ নিয়ে আজও আক্ষেপ রয়েছে তার। তিনি বলেন, “আমি সে সময়ে যেমন অনেক ভালো কিছু চরিত্রে অভিনয় করেছি তেমনি অনেক চরিত্র ফিরিয়েও দিয়েছি। কিছু সিনেমা যেমন ‘আন্দাজ’ কিংবা ‘তুমসে আচ্ছা কন হ্যায় ফিরিয়ে দিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কারণ এ ছবির চরিত্রগুলো আমার জন্য ছিল না। তবে ‘আরাধনা’ ও ‘সীতা অর গীতা’ ফিরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছিলাম।”
আত্মজীবনী’তে তার চরিত্রে কাকে দেখতে চান জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার আত্ম-জীবনী নিয়ে কেউ যদি সিনেমা বানাতে চায় তবে আমি সাদরে সম্মতি জানাবো। আমার চরিত্রে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়া বেশ মানিয়ে যায়। এছাড়া একই সঙ্গে গ্ল্যামারাস ও টম-বয় চরিত্রে সমান পারদর্শী আলীয়া ভাটকেও নেয়া যেতে পারে কারণ আমার তুরণ বয়েছে আমি এরকম সব চরিত্রই করেছি।”
১০ এপ্রিল মোড়ক উন্মোচিত হবে ‘দ্য হিট গার্ল’ বইটির।
