২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংগীত ছাঁটতে বলায় পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি দেবেন না আমির

সুপারহিট স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’ পাকিস্তানে মুক্তি দিতে হলে ছাঁটতে হবে ভারতের জাতীয় সংগীতের দৃশ্য- এমন দাবি শোনার পর দেশটিতে এই সিনেমা মুক্তি দিতেই নাকি আপত্তি জানিয়েছেন এর অভিনেতা ও প্রযোজক আমির খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 09:48 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

‘দঙ্গল’ এরইমধ্যে বিশ্বব্যাপি সাড়ে তিনশ’ রুপির বেশি আয় করে রেকর্ড গড়েছে। জানুয়ারিতে পাকিস্তানে ভারতের সিনেমা প্রদর্শনের বাধা আনুষ্ঠানিকভাবে কেটে গেলে দেশটির হল মালিকেরা আমির খান-এর এই সর্বশেষ সিনেমাটিও তাদের দেশে নিয়ে আসার আবেদন করেন।

হিন্দুস্তান টাইমস বলছে, আমির নিজেও খুশি ছিলেন সিনেমাটি পাকিস্তানে মুক্তি পাওয়া নিয়ে, কারণ তার নিজের একটি বিশাল ভক্তশ্রেণি আছে দেশটিতে। কিন্তু সমস্যার সূত্রপাত হয় তখনই, যখন পাকিস্তানি সেন্সরবোর্ডের কাছ থেকে আসে দুটি অদ্ভুত আর্জি। এক, একটি দৃশ্যে দেখানো ভারতের জাতীয় পতাকার অংশটি ছেঁটে ফেলতে হবে, দুই, গীতা ফোগত-এর রেসলিং ম্যাচ জেতার পর বেজে ওঠা জাতীয় সংগীতের সুর ছাঁটতে হবে।

আমির এই শর্তে কেন রাজি হননি, তা জানিয়ে এক সূত্র বলে, “এই দুটি দৃশ্য ছাঁটতে চাওয়ার দাবি আমিরের কাছে ছিল পুরোপুরি চমকপ্রদ। আমির-এর মনে হয়েছে সিনেমাটি স্পোর্টস বায়োপিক হওয়ায়, স্বাভাবিকভাবেই এটিতে একটি দেশাত্মবোধক সুর আছে। সিনেমাতে পাকিস্তান সম্পর্কে সরাসরি বা পরোক্ষ কোনো কথা বলা হয়নি। সিনেমাতে সঙ্গত কিছু কারণেই ভারতের জাতীয়তাবাদ তুলে ধরা হয়েছে। আমির তাই অবাক হয়ে জানতে চেয়েছেন, এই দুটি দৃশ্য কাটতে চাওয়ার কারণ কী?”

সূত্রটি আরও জানায়, “ ‘দঙ্গল’ এরইমধ্যে ব্লকবাস্টার সিনেমায় পরিণত হয়েছে। এটি যদি পাকিস্তানে মুক্তি না পায় তবে ক্ষতি হবে কেবল ১০-১২ কোটি রুপির। পাকিস্তান সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বাজার। কিন্তু এই দুটি দৃশ্য কেটে সিনেমাটি মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না- অন্তত এমনটাই ভাবছেন আমির নিজে।”

এদিকে আমির খান অভিনীত ১৮ বছর আগের সিনেমা ‘সারফারোশ’-এর সিকুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক ম্যাথু মাটহন। তবে সিনেমায় অল্প বয়সী চরিত্র রাখতে চান বলে এতে আমিরকে নেওয়া হবে না বলেই জানা গেছে।