২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’ শুরু

পদাতিক নাট্য সংসদের আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 10:04 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’ প্রতিপাদ্যে বুধবার সন্ধ্যায় শুরু হওয়া এ নাট্যোৎসবের উদ্বোধন করেন রামেন্দু মজুমদার, কেরামত মওলা, মামুনুর রশীদ, ইনামুল হক ও ম. হামিদ।

দলটির আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিনকে সামনে রেখে ২০১০ সাল থেকে তার স্মৃতির উদ্দেশ্যে নাট্যোৎসবের আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ।

আয়োজকরা প্রতি বছরই নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ দিচ্ছে।

এই বছর এই পদক পাচ্ছেন এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনাম। পদকটি শুক্রবার সন্ধ্যায় এক আয়োজনে দেওয়া হবে।

উদ্বোধন শেষে মঞ্চস্থ হয় দুইটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাট মঞ্চস্থ করে ‘কইন্যা’ ও পরীক্ষণ থিয়েটার হলে বটতলা মঞ্চস্থ করে ‘ক্রাচের কর্নেল’।

বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের নাট্যদল কার্টেন কল মঞ্চস্থ করবে ‘পড়শি বসত করে’ ও পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে ‘গহনযাত্রা’।

আয়োজকরা জানান, এবারের উৎসবে ঢাকার আটটি, ঢাকার বাইরের একটি ও ভারতের একটি নাট্যদল অংশগ্রহণ করছে।

দলগুলো হলো- পদাতিক নাট্য সংসদ, আরণ্যক, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, নাগরিক নাট্যাঙ্গন, প্রাচ্যনাট, বটতলা, বাতিঘর, ময়মনসিংহের অন্বেষা থিয়েটার ও ভারতের কার্টেন কল।

চিত্রশালায় চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘টেল অব দ্য ডার্করুম

জাতীয় চিত্রশালায় গ্যালারি-৫ এ শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘টেল অব দ্য ডার্করুম। এর আয়োজক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ফটোগ্রাফি ক্লাব।

বুধবার বিকাল ৩টায় এইআইইউবির উপ-উপাচার্য চার্লস সি ভিলালুয়িভ এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে অংশ নিয়েছে ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ আলোকচিত্রীরা। প্রদর্শনী উপলক্ষে জমা পড়েছে প্রায় পাঁচ হাজার ছবি। সেখান থেকে বাছাই করা হয় ৮৯ জনের ১৩৩টি ছবি। তা নিয়েই সাজানো হয়েছে এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে বিচারকের দায়িত্ব পালন করছেন আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল, কুদরত-ই-খুদা, সাউথ আল ফয়সাল।

প্রদর্শনী চলবে ৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী।