‘আমি সালমান খান নই, আমাকে ধরে লাভ নেই’
ঋষি বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায়, মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে রাখি সাওয়ান্ত-এর বিরুদ্ধে।
বলিউডের এক সময়ের জনপ্রিয় আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। এক সময় নিয়মিতই হতেন খবরের শিরোনাম। ইতিবাচক কারণের চেয়ে বরাবরই নেতিবাচক কারণেই সংবাদ শিরোনাম হতে দেখা গেছে এই তারকাকে। এবারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা।
হিন্দুস্তান টাইমস বলছে, রাখি সাওয়ান্ত এক টিভি অনুষ্ঠানে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকিকে নিয়ে‘অবমাননাকর মন্তব্য’ করেছেন- এমন অভিযোগ তুলেছে বাল্মীকি সম্প্রদায়। তাদেরই করা মামলার ভিত্তিতে এবারে গ্রেফতার হতে চলেছেন এ তারকা।
আদালতের এক বিবৃতি’তে জানা যায়, ৯ মার্চ পাঞ্জাবের লুধিয়ানা আদালতে এ মামলার শুনানির জন্য উপস্থিত থাকতে বলা হয় রাখিকে। কিন্তু শুনানির সময় অনুপস্থিত ছিলেন তিনি। ফলে আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করতে মুম্বাই রওনা হয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাতকারে রাখি বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। আলাদত থেকে আমারকাছে কোনো শমন আসেনি। পুলিশ প্রশাসনও আমাকে কিছু বলেনি। আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কেন এসব করা হচ্ছে?”
নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে এ তারকা বলেন, “আমি সালমান খান নই, আমাকে ধরে কোনো লাভ নেই। আমি একজন সাধারণ মানুষ এবং সব ধর্মকেই আমি শ্রদ্ধা করি। বাল্মীকি একজন দস্যু থেকে পরে ঋষি হয়ে যান। আমি আমার বন্ধু সংগীতশিল্পী মিকা সিংয়ের সঙ্গে বাল্মীকির এই ঘটনাটির তুলনা করেছি। শুধুমাত্র একটি উদাহরণ হিসেবেই আমি এটি বলেছি।কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে অপমান করার কোনো অভিপ্রায় আমার ছিলো না।”
এ সময় বিনোদন জগতের তারকারা বরাবরই ধর্মীয় সংগঠনগুলোর সহজ শিকারে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন এ তারকা।
