বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন
‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’— স্লোগান নিয়ে সোমবার এফডিসি উদযাপন করলো জাতীয় চলচ্চিত্র দিবস। তবে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজনে দেখা যায়নি চলচ্চিত্র তারকাদের অনেককেই।
এফডিসিকেন্দ্রিক বাণিজ্যিক চলচ্চিত্রের দুঃসময় যেন কাটছেই না। হলবিমুখ হয়ে পড়েছে মানুষ এমন অভিযোগও আর সত্য নয় বলে সম্প্রতি কয়েকটি মানসম্পন্ন চলচ্চিত্রের সাফল্যে তা প্রমানিত হয়েছে। তবু দর্শকদের প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানিয়েই পালিত হলে জাতীয় চলচ্চিত্র দিবস।
পঞ্চমবারের মতো আয়োজিত জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজন শুরু হয় সকাল দশটায়। এটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, অমিত হাসান, ওমর সানী, অঞ্জনাসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নায়করাজ বলেন, ‘এত আনন্দের মাঝেও যখন ভাবি, চলচ্চিত্রের সেই সোনালি দিন এখন আর নেই, তখন কষ্টে বুকটা ভেঙে যায়। কিন্তু তারপরও আমি আশাবাদী। নতুন প্রজন্মের শিল্পী নির্মাতা ও পরিচালকদের হাত ধরে প্রযোজকদের সহযোগিতায় এবং দর্শকের হলমুখী হওয়ার মধ্যদিয়ে নিশ্চয়ই চলচ্চিত্রের সোনালি দিন আবার ফিরে আসবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর এফডিসি থেকে বের হয় শোভাযাত্রা। তারকাদের অংশগ্রহণে এ যাত্রাটি বিএফডিসি থেকে হাতিরঝিল হয়ে তেজগাঁও রেললাইন ঘুরে আবার বিএফডিসিতে এসেই শেষ হয়।
এদিকে, দিনের প্রথম প্রহর থেকেই চলচ্চিত্রের এই প্রাণকেন্দ্রটি নানা সাজে সেজেছে। শিল্পী, কলাকুশলীতে মুখরিত হয়ে উঠেছে এর প্রাঙ্গণ। হারানো দিনের ব্যবসাসফল চলচ্চিত্রের নানান পোস্টার, লাল গালিচা ও বিভিন্ন স্টলে আজ একেবারে অন্যরকম বিএফডিসি।
অনুষ্ঠানসূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রনায়ক রিয়াজ, আমিন খান ও পূর্ণিমার উপস্থাপনায় এতে অংশ নিচ্ছেন বর্তমান ও সোনালি যুগের তারকারা। নাচ-গান ও অভিনয়ে অংশ নেবেন রোজিনা, নূতন, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, ওমর সানী, ফেরদৌস, মিশা সওদাগর, অমিত হাসান, মৌসুমী, পপি, আমিন খান, শিমলা, পূর্ণিমা, কাজী মারুফ, পরীমনি, জায়েদ খান, মাহিয়া মাহি, নিপুণ, ববি, ইমন, নুসরাত ফারিয়া, নিরব, বাপ্পী, সায়মন, শুভ, সম্রাট, অমৃতা, মিষ্টি জান্নাত, ভাবনা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, সামিনা চৌধুরী, এসআই টুটুল, ডলি, আঁখি আলমগীর, আসিফ, কণা, ন্যানসি, দিনাত জাহান মুন্নী, কোনাল, হৃদয় খান প্রমুখ।
এর আগে বেলা ৩টায় অনুষ্ঠিত হয় ‘বর্তমান পরিবেশন ও প্রদর্শন পদ্ধতিই আমাদের চলচ্চিত্রের উন্নয়নের প্রধান অন্তরায়’শীর্ষক এক সেমিনার। বিকাল সোয়া ৫টায় অনুষ্ঠিত হয় বিশেষ টক শো। এতে উপস্থাপনা করেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ হোসেন জেমী।
এছাড়া উদ্বোধন ও র্যালির পর থেকে সেমিনার, টক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকবে স্মরণিকা প্রকাশ, অতিথিদের লালগালিচা সংবর্ধনা ও সাক্ষাৎকার, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীসহ পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ইত্যাদি।
দিনব্যাপী সমগ্র অনুষ্ঠানমালার নাম দেওয়া হয়েছে ‘তারার মেলা’। এটি পরিকল্পনা ও পরিচালনায় আছেন এস এ হক অলীক। চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান সকাল ১০টা ৩০মিনিট থেকে রাত ৯টা ৫০মিনিট পর্যন্ত সরাসরি সম্প্রচার করছে এটিএন বাংলা।
