বক্সঅফিসে কেমন ব্যবসা করবে ‘বাহুবলী-টু’?
ভারতের ইতিহাসে এমনকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল সিনেমার খেতাব পেয়েছিলো ‘বাহুবলী’, যদিও লাভের খাতায় ছিল শূন্য!‘বাহুবলী-টু’ কি পারবে তার বিপুল নির্মাণ ব্যয় তুলে আনতে?
এস এস রাজামৌলির ‘বাহুবলী’ নিয়ে প্রথম থেকেই সবার উত্তেজনা ছিল তুঙ্গে। ভারতের ইতিহাসে এমনকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল সিনেমার খেতাব পেয়েছিলো সিনেমাটি। কিন্তু এতো কিছু সত্ত্বেও বক্সঅফিসে সাড়া ফেলতে পারেনি ছবিটি। তারপরও দ্বিতীয় কিস্তি মুক্তি দিলো ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রায় সাড়ে ছয় হাজার হলে মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলী-টু’। প্রথম কিস্তির মতো এবারের সিনেমাটির নির্মাণ খরচ প্রায় সাড়ে চারশো কোটি রুপি। কিন্তু ৬০০ কোটি রূপিতে বিক্রি হতে যাচ্ছে এ ছবির মঞ্চায়ন সত্ত্ব। কাজেই লগ্নিকৃত অর্থ তুলে আনতে খুব বেশি বেগ পেতে হবে না ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির!
চলচ্চিত্র পরিবেশক অক্ষয় রোহিত বলেন, “বাহুবলী’র প্রথম কিস্তিটি নির্মাণ করাটাই নির্মাতাদের জন্য ছিলো একটি বড় চ্যালেঞ্জ। সেই তুলনায় ‘বাহুবলী-টু’ তে ঝুঁকির সম্ভবনা কম। তাছাড়া ‘বাহুবলী-টু’ হতে যাচ্ছে এ বছরের অন্যতম আকর্ষণীয় সিনেমাগুলোর একটি। তাই ফ্লপ হওয়ার সম্ভবনা কম।”
এছাড়াও ‘বাহুবলী’ নির্মানের মূল খরচ গেছে এর সেট নির্মান ও পোষাক-পরিচ্ছদের পেছনে। সেদিক দিয়ে ‘বাহুবলী-টু’ এর জন্য খরচ হয়েছে অনেক কম। সব মিলিয়ে ‘বাহুবলী’-র প্রথম কিস্তির মতো লাভের অঙ্কে শূন্য থাকবে না ‘বাহুবলী-টু’-এমনটাই বিশ্বাস বক্সঅফিস বিশেষজ্ঞদের।
প্রভাষ, আনুশকা শেঠি ও রানা দগ্গুবতি’র মতো জনপ্রিয় তারকাবহুল এ সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২৮ এপ্রিল।
