লতা মঙ্গেশকরের অতিথি রুনা লায়লা-আঁখি আলমগীর
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে ২৬ মার্চ এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রুনা লায়লা। পরদিন এ শিল্পী উপস্থিত হন উপমহাদেশের আরেক বরেণ্য শিল্পী লতা মঙ্গেশকরের বাসায়। সঙ্গী ছিলেন আঁখি আলমগীর।
কলকাতায় ইন্দো-বাংলা মৈত্রী পুরস্কার পাচ্ছেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আগামী ৩১ মার্চ সন্ধ্যায় কলকাতার হোটেল ওবেরয়ের গ্র্যান্ড বলরুমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এ উপলক্ষে ভারতেই বেশকিছুদিন কাটছে তার।
সে অবসরে ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের বাসায় উপস্থিত হলেন রুনা লায়লা। সফরসঙ্গী আঁখি আলমগীরের জন্য এবারই প্রথম লতা মঙ্গেশকরের মুখোমুখি হওয়া। এমন একজন শিল্পীর সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করতে চাননি আঁখি। তাই নিজের অস্ট্রেলিয়া সফর ত্যাগ করে রুনার সঙ্গী হন। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় মুম্বাইয়ের পেডার রোডে লতার বাড়ি প্রভুকুঞ্জে উপস্থিত হন তারা।
প্রভুকুঞ্জে বসার ঘরে ঢুকেই লতার পা ছুঁয়ে আশীর্বাদ নেন রুনা। তখন তাকে জড়িয়ে ধরেন লতা। আড্ডা শেষে রুনাকে একটি শাড়ি, নিজের আত্মজীবনী, ভাগ্নির লেখা বই এবং নিজের গানের সিডি উপহার দেন তিনি। আর তাকে একটি জামদানি শাড়ি উপহার দেন রুনা। তারা একসঙ্গে বেশকিছু ছবিও তুলেছেন। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন আঁখি আলমগীর।
ক্যাপশনে তিনি লিখেছেন- ‘অবশেষে দেবীর সঙ্গে দেখা হলো-এক এবং অদ্বিতীয় লতা মঙ্গেশকর। তাকে স্পর্শ করেছি, কথা বলেছি, তার আশীর্বাদ নিয়েছি, হেসেছি, কেঁদেছি। এখনও একটা ঘোরের মধ্যে আছি। ধন্যবাদ রুনা আন্টিকে।’
এ সময় আরও ছিলেন রুনার স্বামী অভিনেতা আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে বায়েজনাথ মঙ্গেশকর ও ভাগ্নি রচনা। আঁখিকেও বই আর নিজের গানের সিডি উপহার দিয়েছেন লতা।
এসময় রুনার মেয়ে তানি লায়লার প্রশংসাও করতে ভোলেননি লতা মঙ্গেশকর। রুনা লায়লার ফেসবুক দেয়ালে পাওয়া গেলো তার এক ভিডিও আশীর্বাদ। ভিডিওতে তিনি বলেন ‘তানি, আপনার গান শুনেছি। আপনারা মা-মেয়ে দু’জনই খুব ভালো গান করেন। সবসময় ভালো থাকুন এই দোয়া করি। নমস্কার।’
লতার শুভেচ্ছাবার্তা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তানি।
গত বছরও মার্চে মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডসের বিচারক হিসেবে কাজ করার ফাঁকে লতার বাসায় গিয়েছিলেন রুনা। তার আগে ২০১১ সালে তার বাড়িতে গিয়েছিলেন তিনি। যদিও লতার সঙ্গে রুনার প্রথম দেখা ১৯৭৪ সালে, মুম্বাইয়ের ভারতীয় বিদ্যাভবনে এক গানের আসরে।
