২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি অভিনয়ের মানুষ : শ্রাবণ খান

ঢালিউডের ডিজিটাল সিনেমার যুগের শুরুতেই ২০১২ সালে কালাম কায়সারের ‘তোমার সুখে আমার সুখ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সকলের নজর কাড়েন শ্রাবণ খান। বর্তমানে তিনি বাংলাদেশের কামাল মো. কিবরিয়া লিপু ও কলকাতার নেহাল দত্ত পরিচালিত যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘গাদ্দার’ সিনেমায় অভিনয় করছেন । সম্প্রতি নিজের নতুন সিনেমা ও সিনেমা ক্যারিয়্যারের বিভিন্ন বিষয় নিয়ে গ্লিটজের সঙ্গে এক আড্ডায় মেতে উঠে ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 06:57 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

গ্লিটজ: ‘গাদ্দার’ সিনেমায় আপনার অভিনীত চরিত্র সম্পর্কে জানতে চাই..

শ্রাবণ খান: আমার অভিনীত চরিত্রের মধ্যে দুটো দিক রয়েছে। সিনেমায় একদিকে আমি একজন গাদ্দার আবার অন্যদিকে আমি খুবই কোমল হৃদয়ের একজন মানুষ। যার কাছে ধনী-গরিব সবাই সমান এবং যে কোনো মানুষের সহযোগিতার জন্য যিনি তার সবটুকু দিয়ে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করেন। 

আমি বলছি না যে, আমার অভিনীত চরিত্রটা একেবারেই গতানুগতিক সিনেমার গল্পের চরিত্রগুলোর বাইরে। কিন্তু আমাদের আশেপাশের পরিচিত গল্প ও গল্পের চরিত্রগুলোর তুলনায় ‘গাদ্দার’ সিনেমায় আমার চরিত্রের মধ্যে একটা অন্যরকম মোচড় রয়েছে।

গ্লিটজ: ঢাকাই সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি না হতেই হঠাৎ কেন যৌথ প্রযোজনার সিনেমার প্রতি ঝুঁকলেন?

শ্রাবণ খান: বতর্মানে অনেক শিল্পী ঢাকাই সিনেমার পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করছেন। আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে গেলে, আমি একজন অভিনয় শিল্পী। আমাকে যেখানে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হবে আমি সেখানে গিয়েই অভিনয় করবো। এখন সেটা ঢালিউডের পাশাপাশি টালিউড, বলিউড, হলিউড বা পৃথিবীর যে কোনো সিনেমার ইন্ডাষ্ট্রি হতে পারে। শুধুমাত্র তাই নয়, যদি যাত্রাপালাতেও আমার অভিনয়ের প্রস্তাব আসে আমি সেখানে গিয়েও অভিনয় করতে প্রস্তুত। কারন আমি অভিনয়ের মানুষ। আমার কাছে কোনো সিনেমা একক নাকি যৌথ প্রযোজনার তা মোটেও মুখ্য নয়। এগুলো হচ্ছে প্রযোজকদের ব্যাপার। আমার কাজ শুধু অভিনয় করা।

গ্লিটজ: সাম্প্রতিককালে বেশির ভাগ নতুন নায়ক কিংবা নায়িকা সিনেমার নেপথ্যের প্রযোজক হয়ে থাকেন। এমন ধরনের প্রস্তাবের সম্মুখীন আপনি কখনো হয়েছেন?

শ্রাবণ খান:  ক্যারিয়্যারের শুরু থেকে এখনও অবধি আমি এমন ধরনের প্রস্তাব পাই নি। যদি কখনো কেউ এমন ধরনের প্রস্তাব আমাকে দেওয়ার চেষ্টা করে তারপরেও সেই ব্যক্তি এই ধরনের সুযোগ পাবেন না। কারন আমি এখনও সিনেমায় টাকা লগ্নি করার মত অবস্থানে পৌঁছাইনি। তবে যদি আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি এবং যখন আমার কাছে সিনেমা শিল্পে টাকা লগ্নি করার মত যথেষ্ট সামর্থ্য থাকবে তখন আমি অবশ্যই সিনেমায় লগ্নি করবো। যেটা আমার স্বপ্ন। কিন্তু এখন তো আমি স্বপ্নে নেই, এখন আমি বাস্তবে রয়েছি। আমার এখনকার সব ধ্যানধারণা শুধু অভিনয়কে ঘিরে।

গ্লিটজ: ঋত্বিকা বলেছেন আপনি নাকি রসগোল্লা, দুজনের রসায়ন কি খুব জমে উঠেছে?

শ্রাবণ খান: ঋত্বিকা খুবই ভালো মনের মানুষ। তার অভিনয়ের প্রতিভার কথা তো বলার অপেক্ষাই রাখে না। তিনি খুবই সহযোগী মনোভাবের, তার মনের ভিতরে কোনো অহংকার নেই। যেমনটি অনেক নায়িকার ক্ষেত্রে হয়ে থাকে। তবে হ্যাঁ..এটা সত্যি ঋত্বিকা খুবই মিষ্টি, সহজ সরল ও সুন্দরী একজন মেয়ে। আমি ব্যক্তিগতভাবে তার প্রেমে না পড়লেও তার ভালো অভিনয়ের প্রেমে তো পড়েছি, সিনেমায় তার অভিনীত চরিত্রের প্রেমে তো আমি অবশ্যই পড়েছি।

গ্লিটজ: দেশীয় প্রযোজনা ও যৌথ প্রযোজনার কাজের মধ্যে কেমন ধরনের পার্থক্য লক্ষ্য করছেন?

শ্রাবণ খান: আমার কাছে তেমন কোনো বড় ধরনের পার্থক্য মনে হয় নি। শুধুমাত্র সিনেমার পুরো আয়োজনটি ওখানে (কলকাতা) অনেক বড় হয় আর আমাদের এখানে সেই আয়োজনটা কিছুটা ছোট পরিসরে হয়ে থাকে। যেহেতু যৌথ প্রযোজনার ক্ষেত্রে অপর পক্ষ বড় বাজেটে কাজ করে থাকেন তাই তাদের পরিকল্পনা কিছুটা অন্যরকম হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের এখানে বাজেট কম হওয়ার সুবাদে তেমনটা হয়ে উঠে না। অন্যদিকে বড় বাজেট হলে আমাদের এখানেও কিন্তু অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তবে কারিগরি দিক থেকে ওরা (পশ্চিমবঙ্গের সিনেমার শিল্প) আমাদের তুলনায় একটু বেশি অগ্রসর।

গ্লিটজ: ঢালিউডে নবাগতদের আসা-যাওয়ার খেলায় আপনিও কি ‘অতিথি পাখি’র তকমা গায়ে লাগাবেন?

শ্রাবণ খান: ঢালিউডের ‘অতিথি পাখি’র তকমা গায়ে লাগবে কিনা তা সময় হলেই বোঝা যাবে। কারন আমি যদি দর্শকদের টানা কয়েকটি ফ্লপ সিনেমা উপহার দেই তাহলে আমাকে নিয়ে কেউ কাজ করতে আগ্রহী হবেন না। অন্যদিকে এটাও ঠিক আমাদের সিনেমা শিল্পে নবাগতের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলে আমার কাছে মনে হয়।

আমি এখানে কলকাতার উদাহরণ টেনে বলতে চাই, সেখানে একজন নতুন নায়ককে নিয়ে সঠিকভাবে পরিকল্পনা মাফিক কাজ করা হয় কিন্তু আমাদের এখানে সেই বিষয়টির অনুপস্থিত রয়েছে। তাই টালিগঞ্জের সিনেমা শিল্পে একজন নতুনের কাজের প্রতি আগ্রহটা তাদের পারিপার্শ্বিক অবস্থার কারনে তৈরি হয়। কিন্তু আমাদের এখানে সেই বিষয়টির অনুপস্থিতির কারনে অনেক মেধা সম্পন্ন নায়কও কিছুদিন পরে হারিয়ে যায়। তবে আমার কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন আমি ফিল্মে কাজ করবোই, কারন আমি ফিল্মের কাজ করার জন্যই এসেছি।

গ্লিটজ: এক নায়ক নির্ভর সিনেমা শিল্পে যেখানে কেউ তার শক্ত অবস্থান তৈরি করতে পারছেনা, সেখানে আপনি কোন ভিত্তির জোরে এখানে টিকে থাকার প্রত্যাশা করছেন?

শ্রাবণ খান:  শুধুমাত্র নিজের প্রতি আত্মবিশ্বাসের কারনেই ঢালিউডে টিকে থাকার প্রত্যাশা করি। যে কোনো ভালো কাজে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে সেখানে সফলতা আসবেই। তাছাড়া পৃথিবীতে এমন কোনো কাজ কি আছে যা আত্নবিশ্বাস ছাড়াই করা সম্ভব?

এক নায়ক নির্ভর সিনেমাশিল্প এই কথাকে আমি কখনোই সমর্থন করবো না। কারন নায়করাজ রাজ্জাক, সালমান শাহ্, মান্না তাদের প্রত্যেকের নিজেদের একটি সময় ছিলো। তারা কেউ হঠাৎ করেই তাদের নিজেদের অবস্থান তৈরি করেন নি। তাদের নিজের প্রতি আত্মবিশ্বাস ও কাজের প্রতি নিষ্ঠার কারনেই তারা সেই জায়গাটা অর্জন করেছেন। আর আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের প্রতি যে আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন তা আমার রয়েছে।

গ্লিটজ: অভিনয়কে ঘিরে ভবিষৎ পরিকল্পনা সর্ম্পকে জানতে চাই..

শ্রাবণ খান: বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত গুনী অভিনয়শিল্পী হতে চাই। যে কোনো ভালো চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিতে চাই। এছাড়াও নিজের অভিনয়ের ক্যারিয়্যারের পোর্টফোলিওতে ভালোকিছু আন্তর্জাতিকমানের সিনেমার নাম যোগ করতে চাই।

অন্যদিকে আমাদের বাংলাদেশের সিনেমাকে বিশ্বের দরবারে একটি ভালো জায়গায় দেখতে চাই এবং তার জন্য কাজ করতে চাই। যেন আমরা সবাই এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ঢাকাই সিনেমাকে নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।