২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ‘পদ্মাবতী’র শুটিং সেটে হামলা

মহারাষ্ট্রের কোলহাপুরে আবারও হামলার শিকার সঞ্জয়লীলা বনসালির ইতিহাসনির্ভর সিনেমা ‘পদ্মাবতী’র শুটিংসেট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 06:24 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

ক’দিন আগেই রাজস্থানে হামলা চালানো হয়েছিলো ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং সেটে। ‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃত করা হয়েছে এমন অভিযোগ তুলে সেবারে হামলা চালায় স্থানীয় হিন্দু উগ্রবাদী দল। সেজন্যই রাজস্থান থেকে মহারাষ্ট্রে নতুন করে সেট নির্মাণ করেন পরিচালক। কিন্তু ফের হামলার কবলে পড়লো ‘পদ্মাবতী’র শুটিং।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত এই সিনেমার সেটে হামলার সময় অভিনেতা-অভিনেত্রীদের কেউ উপস্থিত ছিলেন না। মঙ্গলবার রাত ১০ টার দিকে স্থানীয় প্রায় ৪০ থেকে ৫০ জন এসে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয় সেটে। এ সময় তাদের হাতে বড় বড় লাঠি ও পাথর খন্ড ছিলো বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এ সময় ভেতরে বেশ কিছু ঘোড়া ও গৃহপালিত প্রাণী ছিলো। আগুনে পুড়ে বেশ আহত হয়েছে শুটিং-এ ব্যবহৃত একটি ঘোড়া। এছাড়াও সেটের মূল্যবান সামগ্রী লুঠ ও ভাঙচুর করে নেয়া হয়েছে বলেও জানান ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত এক নাইটগার্ড।

বনসালি’র প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হামলার ঘটনাটি নিশ্চিত করে বলা হয়েছে, শিগগিরি এ ঘটনায় মামলা দায়ের করতে যাচ্ছেন তিনি।