বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘সুলতানা বিবিয়ানা’
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির শেষ ধাপ সম্পন্ন করলো বাপ্পী-আঁচল অভিনীত সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো সিনেমাটি।
সোমবার বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা হিমেল আশরাফ নিজেই।
তিনি বলেন,“আমরা সোমবার বিনা কর্তনে সিনেমার (‘সুলতানা বিবিয়ানা’) ছাড়পত্র পেয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের চতুর্থ সপ্তাহে আমরা সিনেমাটি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারবো বলে আমাদের প্রত্যাশা। তবে সিনেমাটি মুক্তির ক্ষেত্রে বাণিজ্যিক দিক থেকে লাভজনক প্রেক্ষাগৃহগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা নির্ধারণ করবো।”
‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। সিনেমার কেন্দ্রিয় চরিত্রে জুটিবেঁধে অভিনয় করেছেন বাপ্পী ও আচঁল। আর সিনেমায় এই জুটি ছাড়াও অন্যান্য আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত শাহীন সুমনের ‘জটিল প্রেম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের জুটি বেঁধে অভিনয় করেন বাপ্পী ও আঁচল। এরপরে একে একে তারা ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘গুন্ডা দ্যা টেররিষ্ট’ সিনেমাগুলোতে অভিনয় করেন। এবার সেই ধারাবাহিকতায় নবাগত র্নিমাতা হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার মাধ্যমে ষষ্ঠবারের মতো পর্দায় জুটিবদ্ধ হলেন।
যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার দৃশ্যধারণের কাজ।
