কেন বারবার নিজেকে ভাঙেন আমির?
১৪ মার্চ ৫২ বছর বয়সে পা রেখেছেন এই তারকা অভিনয়শিল্পী। তার জন্মদিনে জেনে নিন তিনটি জনপ্রিয় সিনেমার চরিত্রের জন্য তার হাড়ভাঙা খাটুনির গল্প।
গণমাধ্যমে তিনি পরিচিত ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে। তবে অভিনয়ের প্রতি তার নিবেদনের কারণে আমির খান নিজেকে বলতে ভালবাসেন ‘মিস্টার প্যাশনিস্ট’। আর সেই নিবেদন এতটাই যে বার বার রূপালি পর্দার কোনো এক চরিত্র হয়ে উঠকে নিজেকে ভেঙে নতুন এক মানুষ হয়ে ওঠাতে কোনো কার্পণ্য নেই তার।
তিনটি জনপ্রিয় সিনেমার জন্য ‘মেথড অ্যাক্টর’ আমির খানের নিজেকে ভেঙে চরিত্রের গভীরে প্রবেশের কাহিনি-
দঙ্গল
আমির খান যখন এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, তখন এর নির্মাতা নিতেশ তিওয়ারি তাকে বলেছিলেন, সিনেমার যে অংশটাতে তাকে মহাবীর সিং ফোগাতের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করতে হবে, সে অংশটার শুটিং আগে করে নেওয়া যায়। আমির তাতে আপত্তি জানান। কারণ, শুকানোর কোনো কারণ না থাকলে নাকি মুটিয়ে যাওয়ার পর সঠিক গড়নে আর ফিরতে পারবেন না তিনি!
আমির চাইলেই স্থূলকায় ফোগাতের চরিত্রটির জন্য ব্যবহার করতে পারতেন বডিস্যুট। কিন্তু এভাবে তার চরিত্রটিকে বিশ্বাসযোগ্য মনে হবেনা বলেই সিনেমার জন্য দিনরাত খেয়েদেয়ে ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি।
“ওজন বাড়ানোটা আমার জন্য দারুণ উপভোগ্য ছিল কারণ, আমি দিনরাত শুধু যা ইচ্ছে তাই খেয়েছি। কিন্তু তারপরও এটা আমার জন্য অস্বস্তিকর ছিল কারণ আমি তখন কুস্তির প্রশিক্ষণও নিচ্ছিলাম। অতটা ওজন নিয়ে কুস্তি করা একেবারেই সহজ না!” পরবর্তীতে দঙ্গল নিয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়ে এক ভিডিওবার্তায় এমনটাই বলেছিলেন আমির।
তবে মোটা থেকে শুকানোর অংশটি ছিল আমিরের জন্য সত্যিকারের এক লড়াই। এ জন্য তাকে বিশেষায়িত এক ওয়েট ট্রেনিঙের মধ্য দিয়ে যেতে হয়েছে। নিয়ম মেনে খাওয়ার পাশাপাশি ছিল কঠিন পরিশ্রমের শারীরিক কসরৎ। মাঝেমধ্যে তিনি নিজেও ভেঙে পড়তেন আর ভাবতেন তাকে দিয়ে হবে না। কিন্তু সিনেমার কথা চিন্তা করে ফের সাহস জুগিয়ে নিয়ে কাজ শুরু করে দিতেন তিনি। আর এভাবেই ছয় মাসে ৩২ কেজি বাড়তি মেদ ঝরিয়ে ফেলেন তিনি!
ধুম থ্রি
এই সিনেমায় আমিরের চরিত্র ছিল একজন অ্যাক্রেব্যাটের। সার্কাসের বিপজ্জনক সব কসরৎ আয়ত্তে আনার জন্য তার দরকার ছিল ছিপছিপে এক শরীর এবং স্থিতিস্থাপকতা। আর সেকারণে তিনি সাহায্য নিয়েছিলেন জেরাল্ড যারচিল্লা নামের এক জিমনাস্টের।
আমির সকালে খেতেন ফল, ডিমের সাদা অংশ, মুজলি এবং গ্রিন টি। দপুরের খাবার ছিল সব্জি, ডাল, রুটি আর টকদই। বিকেলে নাস্তা করতেন পনীরের টুকরো আর গ্রিন টি । রাতে খেতেন সেদ্ধ সব্জি ও ঝলসানো মুরগী বা মাছ।
এভাবেই কয়েকমাসের মধ্যে একজন পাকা জিমনাস্টের দেহ এবং অ্যাক্রোবেটিক কৌশল আয়ত্তে এনে ফেলেছিলেন আমির।
গজনী
এই সিনেমার মাধ্যমেই হিন্দি সিনেমা এইট প্যাক অ্যাবস লুকের প্রচলন কারেন আমির। ‘গজনী’র চরিত্রটির জন্য আমিরকে খুব একটা ওজন কমাতে হয়নি বটে, কিন্তু গড়ে তুলতে হয়েছে পেশীবহুল দেহসৌষ্ঠব।
এরজন্য প্রতিদিন সকালে উঠে টানা তিন ঘন্টার ব্যায়াম করতেন আমির, যার মধ্যে কার্ডিও-ভাসকুর সিট আপের পাশাপাশি ছিল বক্সিং প্রশিক্ষণ আর ভারোত্তলনও।
নিয়ম মেনে খাওয়া আর ব্যায়ামের পাশপাশি নিয়ম মেনে বিশ্রামের দিকটিও খেয়াল রাখতেন আমির। আর তাই রাতে ঠিক ৮ ঘন্টা করে ঘুমাতেন তিনি।
চরিত্রের গভীরে ঢুকে তার মতো করে জীবনযাপন করার মাধ্যমে পর্দায় তাকে মূর্ত করে তোলার প্রক্রিয়াকে বলা হয় মেথড অ্যাক্টিং। ড্যানিয়েল ডে-লুইস, হিথ লেজার, ক্রিশ্চিয়ান বেল, জ্যারেড লেটোদের মতো অভিনেতারা এই প্রক্রিয়াতেই হয়েছেন বড় তারকা। হিন্দি সিনেমায় সেই ধারার প্রবর্তক আমির খান আরও অনেক দিনই এভাবেই তার অভিনয় চালিয়ে যাবেন, জন্মদিনে এটাই রইলো প্রত্যাশা।
