২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করণের সিনেমায় থাকছেন সালমান

অজয় দেবগনের কথায় করণ জোহর-এর সিনেমা থেকে সরে এসেছেন সালমান খান- এই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 06:52 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

২০১৬’র শেষের দিকে ঘটা করে ঘোষিত হয়, একই সিনেমায় কাজ করছেন হিন্দি সিনেমার তিন তারকা সালমান খান, অক্ষয় কুমার এবং করণ জোহর। অক্ষয় কুমার অভিনীত সিনেমার পরিচালনা করবেন করণ আর প্রযোজনায় থাকবেন সালমান, এমনটাই ঠিক হয়েছিল সেসময়। কিন্তু হঠাৎ করেই শোনা যায় এই সিনেমা থেকে সরে এসেছেন সালমান; তাও আবার বন্ধু অজয় দেবগন-এর অনুরোধে।

এ নিয়ে গণমাধ্যমে একের পর এক খবর প্রকাশ পেতে শুরু করলে অবশেষে মুখ খুললেন সালমান। টুইটারে জানালেন আসল কথা।

তিনি লিখেছেন, “গুজবে কান দেবেন না। আমাকে অনুসরণ করুন। একবার যখন আমি প্রতিশ্রুতি দিয়েছি তখন... অক্ষয় কুমারের সঙ্গে সিনেমাটি অবশ্যই করছি।”

এই তিন তারকার সিনেমাটি হবে শিখ সৈন্যদের সঙ্গে আফগানদের ঐতিহাসিক সারাগারাহির যুদ্ধ নিয়ে। ১৮৯৭ সালের ওই যুদ্ধে হাবিলদার ইশার সিং-এর নেতৃত্বে ১০ হাজার আফগান সেনাদের প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়ে মাত্র ২১ জন শিখ সৈন্য।

শোনা যাচ্ছে, একই বিষয়বস্তু নিয়ে ছবি বানাবেন অজয় দেবগনও। আর তাই সালমানকে এই সিনেমা থেকে সরে আসতে এক চিঠিতে অনুরোধ জানান তিনি, এমনটাও শোনা গেছে।

করণ জোহর-এর সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্ক খারাপ অজয় দেবগনের। এমনকী এই দুই তারকার শত্রুতার জের ধরে অজয়-এর স্ত্রী কাজল-এর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে ভাটা পড়ে বলেও দাবি করেছেন করণ।