জি সিনে অ্যাওয়ার্ডসে আলিয়া, অমিতাভ বচ্চনের জয়
ফিল্মফেয়ার-এর মতোই এবারের জি সিনে অ্যাওয়ার্ডসেও বাজি মাত করলেন আলিয়া ভাট। ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। ‘পিঙ্ক’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন অমিতাভ বচ্চন।
নারীবাদী সিনেমা ‘পিঙ্ক’ সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে। ‘নিরজা’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রাম মাধভানি।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ঋষি কাপুর, ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমার জন্য। ‘নিরজা’র জন্য এই বিভাগের সেরা অভিনেত্রী হয়েছেন শাবানা আজমী।
‘শালা খাড়ুস’ সিনেমার জন্য সেরা নবাগতার পুরস্কার জিতেছেন ঋত্বিকা সিং। ‘নিরজা’ সিনেমার জন্য সেরা নবাগতের পুরস্কার পেয়েছেন জিম সার্ভ। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন তিনি।
ওদিকে মূল অ্যাওয়ার্ড-এর পাশাপাশি এই অনুষ্ঠানে দর্শকদের ভোটের ভিত্তিতেও পুরস্কার তুলে দেওয়া হয়। দর্শকদের ভোটে ‘পিঙ্ক’কে পেছেনে ফেলে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘দঙ্গল’।
দর্শকদের চোখে সেরা অভিনেতা হয়েছেন সালমান খান, ‘সুলতান’ সিনেমার জন্য। এই সিনেমায় তার সহঅভিনেত্রী আনুশকা শর্মা পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
দর্শকদের ভোটে সেরা গান নির্বাচিত হয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার ‘চান্না মেরেয়া’। এটি গেয়েছেন অরিজিৎ সিং।
এবারের আসরের অন্যতম আকর্ষণ ছিল হিন্দি সিনেমার জনপ্রিয় গানের তালে কারিনা কাপুর খান-এর নাচ। ক্যাটরিনা কাইফ শুটিঙে আহত হওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানে তার স্থলাভিষিক্ত হন কারিনা। এছাড়াও গোবিন্দা ও রভিনা ট্যান্ডন দর্শক মাতান নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘কিসি ডিস্কো মে যায়ে’র তালে নেচে।
