আমেরিকার সিনেকোয়েস্ট উৎসবে লড়ছে ‘মাটির প্রজার দেশে’
আমেরিকার অন্যতম চলচ্চিত্র উৎসব সিনেকোয়েস্ট ফেস্টিভ্যালের ২৭তম আসরের প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের ছবি ‘মাটির প্রজার দেশে’।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে এরই মধ্যে তিনবার প্রদর্শিত হয়েছে বিজন ও আরিফ নির্মিত চলচ্চিত্রটি। উৎসবের পর্দা নামছে আজ। তবে সমাপনী দিনেও প্রদর্শীত হচ্ছে চলচ্চিত্রটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা বিজন। উৎসবে গ্লোবাল ল্যান্ডস্কেপস ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে লড়বে বিজন ও আরিফের যৌথভাবে বানানো ‘মাটির প্রজার দেশে’।
সিনেকোয়েস্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হয় বিশ্ব বিখ্যাত ‘সিলিকন ভ্যালি’তে। যেখানে অবস্থিত পৃথিবীর সমাদৃত সব পাওয়ার হাউস যেমন লিঙ্কড ইন, নেটফ্লিক্স, ফেসবুক, গুগল, অ্যাপল, টুইটার ইত্যাদি। যেখানে সিনেকোয়েস্ট চেষ্টা করে শিল্প এবং প্রযুক্তির একটা সমন্বয় ঘটানোর মাধ্যমে মানুষের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন ঘটানোর। প্রতিবছর তাই এই ফেস্টিভ্যালের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফিল্ম মেকারদের পরিচয় করিয়ে দেয়া হয় নতুন নতুন সব প্রযুক্তির সাথে। যা পরবর্তীতে ফিল্মমেকাররা তাদের কাজে ব্যবহার করেন। এবার বিরল এই সুযোগ পাচ্ছেন ‘মাটির প্রজার দেশে’র দুই নির্মাতা।
প্রতি বছর ৫০টি দেশের ৭শ’রও বেশি নির্মাতা মিলিত হয় এ উৎসবে। চলতি বছর প্রায় ১২০টি চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে সিনেকোয়েস্টে।
দেশে মুক্তি না পেলেও ‘মাটির প্রজার দেশে’ ইতিমধ্যেই দেশের বাইরে এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের আসরে সমাদৃত হয়েছে। এর উদ্বোধনী প্রদর্শনী হয় সিয়াটল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে এশিয়ার সব ছবির মধ্যে প্রথম হয় এটি। এছাড়াও এনএফডিসি (ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া) আয়োজিত ইন্ডিয়ার গোয়ার গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল ফিল্ম বাজারের এনএফডিসি রিকমেন্ডেশনেও প্রদর্শিত ‘মাটির প্রজার দেশে’।
