যে কারণে অ্যাফ্লেকের জয়ে তালি দেননি ব্রি লারসন
চলতি বছরের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার ক্যাসি অ্যাফ্লেক-এর হাতে তুলে দিলেও তার জয়ে তালি দেননি গতবারের সেরা অভিনেত্রী ব্রি লারসন। এবার জানালেন তার কারণ।
‘ম্যানচেস্টার বাই দ্য সি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার নিতে যখন মঞ্চে ওঠেন ক্যাসি অ্যফ্লেক, তখন সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্বাগত জানান তাকে। তার হাতে অস্কারের ট্রফি তুলে দিলেও সে সময় তালি দেননি ব্রি লারসন। অনেকেই ধারণা করছিলেন, অ্যাফ্লেক-এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ থাকায় তার জয় উদযাপন থেকে বিরত থেকেছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে লারসন নিজেও ইঙ্গিত দিলেন সেদিকেই।
তিনি বলেন, “আমার মনে হয় মঞ্চে দাঁড়িয়ে আমি যা করেছি, সেটাই বলে দেয় এর পেছনের কারণ। এ প্রসঙ্গে আমার যা বলার ছিল, আমি সেখানেই বলে দিয়েছি।”
‘রুম’ সিনেমায় একজন যৌনদাসীর ভূমিকায় অভিনয় করে ২০১৫ সালের সেরা অভনেত্রীর অস্কার জয় করেন ব্রি লারসন। এছাড়াও যৌন নির্যাতনের শিকার নারীদের জন্য সামাজিক সচেতনতা তৈরির কাজও করেন তিনি।
অন্যদিকে অ্যাফ্লেক ২০১০ সালে ‘আই অ্যাম স্টিল হেয়ার’-এর সিনেমার সেটে দুই অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে অভিযুক্ত হয়েছিলেন।
