শাহরুখের সঙ্গে অভিনয় না করার ঘোষণা কঙ্গনার!
‘বলিউড বাদশা’ শাহরুখ খানের সঙ্গে সিনেমা করবেন না বলে ঘোষণা দিলেন ‘রেঙ্গুন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত।
তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার শীর্ষ তিন অভিনৈতার স্থান দখল করে আছেন তিন খান- শাহরুখ, সালমান ও আমির। এদের কারও সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া যে কারও জন্যই সৌভাগ্যের। কিন্তু এ ব্যাপারে ব্যতিক্রম ‘কুইন’ তারকা কঙ্গনা রানাউত। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বললেন- তিন খানের কারও সঙ্গেই অভিনয় করতে চান না তিনি!
চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে দেয়া এক সাক্ষাতকারে কঙ্গনা বলেন, “আমি কেন এমন কারও সঙ্গে অভিনয় করবো যার বিপরীতে অভিনয় করলে আমাকে কেউ গুরুত্ব দেবে না? আমি এক সময় খুব করে চাইতাম শাহরুখ কিংবা আমির খান-এর বিপরীতে অভিনয় করতে। কিন্তু ‘কুইন’-এর সাফল্যর পর আমার সে ইচ্ছে চলে গেছে। আমি এখন এমন সিনেমাতেই কাজ করছি যেখানে আমার চরিত্রটি বেশি গুরুত্ব পাচ্ছে।”
প্রিয় তারকা শাহরুখ খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে কঙ্গনার সোজাসাপ্টা জবাব ছিলো, “শাহরুখ খান স্যার, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। কিন্তু এটা আমরই দুর্ভাগ্য যে আপনার সঙ্গে কখনোই আমার কাজ করা হবে না!”
সর্বশেষ বিশাল ভরদ্বাজ-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘রেঙ্গুন’-এ এক দুধর্ষ নারী চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। এতে সাইফ আলী খান ও শাহিদ কাপুরের বিপরীতে কঙ্গনার অভিনয় সবার নজড় কেড়েছে।
