সংবাদ সম্মেলনে আনুশকার কাণ্ড!
তারকারা কত মজার কাণ্ডই না করে থাকেন। তেমনি সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের মায়ের সঙ্গে ফোনে কথা বলে সবাইকে বিস্মিত করে দিলেন ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ খ্যাত এই অভিনেত্রী।
আনুশকার নতুন ছবি ‘ফিল্লেরি’র কলাকুশলীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে সাক্ষাতকার দিচ্ছিলেন তিনি ও সহঅভিনেতা দিলজিৎ দোসান্ত। এ সময় বিভিন্ন গণমাধ্যমের মাইক্রোফোন ছাড়াও কথা রেকর্ড করার জন্য সাংবাদিকদের মোবাইল ফোনও রাখা ছিলো আনুশকার সামনে। সাক্ষাতকারের মধ্যেই এক নারী সাংবাদিকের মোবাইল বেজে ওঠে। আনুশকাকে ফোনটি কেটে দিতে বলেন ওই সাংবাদিক। কিন্তু আনুশকার মাথায় তখন খেলছিলো অন্য বুদ্ধি!
বলিউড লাইফ জানায়, পর্দায় ‘মাম্মা’ লেখা দেখে ফোনটি রিসিভ করেন আনুশকা! সাংবাদিকের মায়ের সঙ্গে কথা বলেন তিনি। ফোন ধরে আনুশকা বলে,“হ্যালো আন্টি, আমি আনুশকা শর্মা বলছি! আপনার মেয়ে এখন আমার সাক্ষাতকার নিচ্ছে। ও আপনাকে একটু পরে ফোন দেবে।”
আনুশকার এ অভিনব কাণ্ডে বিস্মিত হয়েছেন উপস্থিত সবাই। পরে আনুশকা জানিয়েছেন, মায়েদের ফোন কখনোই কেটে দিতে নেই। মায়েরা তাদের সন্তানদের নিয়ে সব সময় চিন্তিত থাকেন আর তাই যে কোনো অবস্থাতেই সন্তানদের উচিত মায়েদের ফোন রিসিভ করা।
আনুশকার এই ব্যবহার মুগ্ধ করেছে উপস্থিত সকলকেই। তার এ আচরণই প্রমাণ করে তারকা হলেও কতটা কোমল মনের মানুষ তিনি।
