২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করণ জোহর নারীদের অপমান করছেন : কঙ্গনা

করণ জোহরের বিরুদ্ধে নারীদের অপমান করার অভিযোগ করলেন কঙ্গনা রানাউত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 05:52 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

ক’দিন আগেই সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে খোদ করণ জোহরকেই অপমান করে বসেন কঙ্গনা রানাউত! জনপ্রিয় এই পরিচালকের বিরুদ্ধে ‘স্বজনপ্রীতি’র অভিযোগ আনেন তিনি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো জবাব না দিলেও বেশ চটেছিলেন করণ। পরবর্তীতে কঙ্গনার বিরুদ্ধে অবলা নারী সেজে সকলের সহানুভূতি কাড়ার অভিযোগ আনেন তিনি!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কঙ্গনার কার্যকলাপকে ‘উইমেন কার্ড’ ও ‘ভিকটিম কার্ড’ বলে অভিহিত করে করণ বলেছিলেন, “অসহায় ও অবলা নারী সেজে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন।  তার একমাত্র অস্ত্র হলো ‘উইমেন কার্ড’ ও ‘ভিকটিম কার্ড’।”

করণের এই বক্তব্যকে ‘পুরুষসুলভ’ আখ্যা দিয়ে কঙ্গনা বলেন, “করণ জোহর নারীদের অপমান করছেন। ‘উইমেন কার্ড’ বলে কিছুই নেই। আমি নারী আর সেটা নিয়ে আমি গর্বিত। তিনিই বরং নারী হওয়ার জন্য আমাকে লজ্জিত হতে বলছেন । এটি তার উৎকট ‘পুরুষসুলভ’ আচরণ।”

কঙ্গনা আরও বলেন, “আমার বিরুদ্ধে সকলের অভিযোগ আমি নাকি ঝগড়ুটে! কিন্তু আমি কেন ঝগড়া করি সেটা কেউ খতিয়ে দেখেন না। আমি কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করি না বরং একজন নারী হিসেবে নারীদের প্রতি পুরুষদের যে নীচু দৃষ্টিভঙ্গী, আমি তার বিরুদ্ধে লড়াই করছি।”

সম্প্রতি প্রকাশিত হয়েছে কঙ্গনা অভিনীত ‘রেঙ্গুন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খান ও শহীদ কাপুর।