২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে লুৎফর হাসানের ‘একলা লাগে খুব’

সোমেশ্বর অলির কথায় ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান দিয়ে সবার নজর কেড়েছিলেন লুৎফর হাসান। তারপর ফি বছর বেরিয়েছে তার একটি করে অ্যালবাম। চলতি বছর আসছে তার নতুন অ্যালবাম ‘একলা লাগে খুব’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 07:58 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

‘একলা লাগে খুব’ শিল্পীর ষষ্ঠ একক অ্যালবাম। আটটি গান দিয়ে সাজানো অ্যালবামটি ডিজিটালের পাশাপাশি আসবে সিডি আকারেও। থাকবে প্রতিটি গানের পৃথক ভিডিও। এ্যালবামের আটটি গানের ছয়টি গান লিখেছেন লুৎফর হাসান নিজেই। ‘একলা লাগে খুব’ এবং ‘কাতর হয়ে যাই’ শিরোনামের গান দুটি লিখেছেন যথাক্রমে সাদাত হোসাইন এবং সোমেশ্বর অলি। সবগুলো গানের সঙ্গীতায়োজন করছেন আমজাদ হোসেন।

অ্যালবামটি প্রসঙ্গে গ্লিটজকে লুৎফর বললেন, “এই প্রথম আমি বিষয় ভিত্তিক গানের প্রাধান্য রেখেছি। শিশুদের বর্ণমালা শেখানোর পদ্ধতি আছে এক গানে, সে গানে আমার মেয়ে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে। এ ছাড়া ঘুড়ির গীতিকার সোমেশ্বর অলির সাথে দীর্ঘদিন পর কাজ করলাম। জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইনের লেখা গান করেছি। শিশুদের চোখে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা গান করেছি।”

শিল্পী আরও জানান, বাকি গানগুলোতে প্রাধান্য পেয়েছে প্রেম-বিরহ। অ্যালবামে দুইটি ডুয়েট গানও থাকছে। একটিতে কণ্ঠ দিয়েছেন পুতুল, আরেকটিতে কলকাতার পৌলমী গাঙ্গুলি। এছাড়াও বর্ণমালার গানে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসানের কন্যা দুপুর এবং আল মাসুদ।

পহেলা বৈশাখে জি সিরিজের ব্যানারে আসবে ‘একলা লাগে খুব’।