সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের বাবা হলেন করণ জোহর
সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের বাবা হলেন ভারতীয় নির্মাতা করণ জোহর। রোববার সকালে টুইটারের মাধম্যে খবরটি নিশ্চিত করেছেন করণ নিজেই।
দুই সন্তানের নাম নিজের বাবা-মায়ের নাম অনুসারে যশ এবং রুহি রেখেছেন করণ। মা হিরু জোহর-এর সঙ্গেই দুই সন্তানকে বড় করবেন বলে জানিয়েছেন তিনি।
টু্ইটারে করণ এব্যাপারে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন।
তাতে করণ লিখেছেন, “আনন্দের সঙ্গে আমার জীবনের সবচেয়ে অসাধারণ দুটি সংযোজন রুহি এবং যশ-এর খবর আপনাদেরকে জানাচ্ছি। হৃদয়ের এই দুই অংশের অভিভাবক হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, যারা এই পৃথিবীতে বিজ্ঞানের জাদুকরী সহায়তায় জন্ম নিয়েছে।”
ওই বিবৃতিতে আরও বলা হয়, “এই সিদ্ধান্তে পৌঁছাতে আমি দীর্ঘদিন ধরে নিজেকে মানসিক, শারীরিক, আবেগীয় এবং আইনানুগভাবে প্রস্তুত করেছি, যাতে আমার সন্তানেরা আমার ভালোবাসা এবং যত্নের সবটুকু পায়। আমার সন্তানেরাই আমার পৃথিবী এবং সবকিছুর ঊর্ধ্বে- এই সত্য আমি স্বীকার করে নিয়েছি। আমার কাজ, ঘুরে বেড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা-এর সবকিছুই আমার সন্তানদের পরে আসবে।”
করণ বিবৃতিতে ধন্যবাদ জানান শিশুদুটির সারোগেট মা এবং তার চিকিৎসক যতীন শাহকে।
করণ-এর বাবা হওয়ার খবরে উল্লাস প্রকাশ করেছেন বলিউডে তার দীর্ঘদিনের সহকর্মীরা। তার ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার অভিনেত্রী আলিয়া ভাট বলেছেন, এর মাধ্যমে নতুন একজোড়া ভাই-বোন পেলেন তিনি!
সারোগেসির মাধ্যমে সন্তান লাভের ঘটনা বলিউডে এটাই প্রথম নয়। এর আগে তুষার কাপুর এই পদ্ধতিতে বাবা হন এক পুত্রসন্তানের। শাহরুখ খান-এর সবচেয়ে ছোট ছেলে আব্রামও সারোগেসির মাধ্যমেই জন্ম নিয়েছে।
