২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ পেল ‘ডেডপুল টু’র টিজার

মার্ভেল-এর অ্যান্টি হিরো সিরিজ ‘ডেডপুল’-এর দ্বিতীয় কিস্তির প্রথম টিজার মুক্তি পেল শনিবার। অভিনেতা রায়ান রেনল্ডস নিজেই টুইটারে প্রকাশ করেন টিজারটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 05:55 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

এবারের টিজারেও ডার্ক হিউমারের আড়ালে উঠে এসেছে ডেডপুলের অন্য সুপারহিরোদের নিয়ে ব্যঙ্গ। টিজারের শুরুতেই দেখা যায়, বাজার করে বাসায় ফেরার পথে এক সাধারণ মানুষ খপ্পরে পড়েন ছিনতাইকারির। ডেডপুল তা দেখে সরাসরি লোকটিকে উদ্ধার করতে না গিয়ে একটি ফোনবুথে ঢুকে পোশাক পরিবর্তন করতে, ঠিক যেমনটি দেখা যেত পুরনো দিনের সুপারম্যান কমিক্সগুলোতে!

পোশাক পাল্টাতে পাল্টাতে দুর্বৃত্তরা ঠিকই লোকটিকে খুন করে পালিয়ে যায়। বের হয়ে তাই ডেডপুলকে বলতে শোনা যায়, “সত্যি বলতে কি, আমার আসলে ৯১১ (যুক্তরাষ্ট্রের জরুরি টেলিফোন নম্বর) –এ কল করা উচিৎ ছিল। আর রাস্তার মাঝখানে ফোনবুথ কি করছে? এগুলো না ১৯৯৮ সালেই বিলুপ্ত হয়?”

 

‘ডেডপুল টু’-র টিজার মুক্তি পেয়েছে মার্ভেল-এর আরেক সুপারহিরো ছবি ‘লোগান’-এর সঙ্গে। এটিই হতে যাচ্ছে উলভারিনের বেশে হিউ জ্যাকম্যান-এর শেষ সিনেমা। তবে ডেডপুল রসিকতা করতে ছাড়েনি লোগানকে নিয়েও।

খুন হওয়া মানুষটির পাশে শুয়ে ডেডপুলকে বলতে শোনা যায়, “লোগান থাকলে তুমি বোধহয় মরতে না। পোশাক বদলানো নিয়ে তার কোনো ঝামেলা নেই। সে পরে থাকে কেবল একটি জিন্স আর একটা ট্যাঙ্ক টপ!”

২০১৮’র মার্চের ৮ তারিখ মুক্তি পাবে সিনেমাটি।