‘ধর্ষিত হওয়া নয়, ধর্ষণই এক জঘন্য অপরাধ’
হলিউড অভিনেত্রী অ্যাশলি জুড-এর পর অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডাও জানালেন একাধিকবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি যৌন হয়রানির অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ‘কামিং হোম’ খ্যাত অভিনেত্রী ও সমাজকর্মী জেন ফন্ডা। শৈশব, কৈশর ও পরিণত বয়েসে একাধিকবার যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হওয়ার কথা বললেন তিনি।
দ্য এডিটকে দেওয়া এক সাক্ষাতকারে জেন ফন্ডা বলেন, “আমি ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছি। এমনকি আমার বসের সঙ্গে যৌন সম্পর্কে জড়াইনি বলে আমাকে আমার কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়েছিলো। তখন এ বিষয়গুলোকে এতটা গভীরভাবে বুঝতাম না। ভাবতাম হয়ত এটা আমারই দোষ। কিন্তু এখন বুঝি এতে আমার কোনো দোষ ছিলো না বরং আমার উচিত ছিলো এগুলোর প্রতিবাদ করা।”
৭৯ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, “অনেক সময় অল্পবয়েসি মেয়েরা বুঝতেই পারে না যে তারা যৌন নিপীড়নের শিকার হয়েছে। এমনকি যৌন নির্যাতন বা ধর্ষণ কি জিনিস তা বোঝার আগেই ধর্ষিত হন অনেক নারীই। তারা ভাবেন শক্তভাবে ‘না’ বলতে পারেননি বলেই হয়ত হয়রানির শিকার হয়েছেন তারা। কিন্তু এ ভাবনা ভুল। সময় এসেছে মেয়েদের এ ভুল ধারনা ভেঙে বেরিয়ে আসার। ধর্ষিত হওয়া অপরাধ নয় বরং ধর্ষণই একটি জঘন্য অপরাধ।
জেন ফন্ডার এ সাক্ষাতকারটি নিয়েছেন আরেক অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন। ২০১৫ সালের সিনেমা ‘রুম’-এ একজন যৌনদাসীর চরিত্রে অভিনয় করে অস্কার জেতেন তিনি।
