সমকামী চরিত্র থাকায় অ্যালাবামায় নিষিদ্ধ হলো ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে নিষিদ্ধ করা হলো ডিজনি’র নতুন লাইভ অ্যাকশন সিনেমা ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’। মুক্তির দু’সপ্তাহ আগেই এ শিশুতোষ সিনেমায় ‘সমকামীতা’র মতো স্পর্শকারত বিষয় থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে সিনেমা হল কতৃপক্ষ।
রূপকথার গল্পের সিনেমা হলেও এতে দু’টি পুরুষ চরিত্রের মধ্যে ভালবাসার সম্পর্ক দেখিয়েছেন পরিচালক বিল কনডন। বিষয়টিকে ভালভাবে মেনে নিতে পারেননি অনেক দর্শকই।
নিউইয়র্ক ডেইলি নিউজ বলছে, অ্যালাবামা অঙ্গরাজ্যের নামকরা সিনেমা হল ‘হেনাগার ড্রাইভ-ইন থিয়েটার’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যৌনতা, নগ্নতা, সমকামীতা ও অসংযত ভাষা ব্যবহার করা হয়েছে এমন কোনো সিনেমা ১৮ বছরের কম বয়েসি দর্শকদের জন্য প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে থিয়েটার কতৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, “আমরা খ্রিস্টীয় ধর্মবিরোধী কোনো বিষয় অল্প বয়েসি দর্শকদের জন্য প্রচার করতে চাই না। পরিচালক তার মতো করে চরিত্র নির্মান করেছেন কিন্তু আমাদেরও স্বাধীনতা আছে সেটি বর্জন করার। এ ধরণের স্পর্শকারত ও ধর্মবিরোধী বিষয় নিয়ে বাচ্চাদের জন্য ছবি তৈরির বিরোধিতা করছি আমরা। সবা্রই উচিত আমাদের এ সিদ্ধান্তকে সমর্থন করা।”
এর আগে সমকামীদের পত্রিকা ‘অ্যাটিচিউড’কে দেয়া এক সাক্ষাতকারে সিনেমায় সমকামী চরিত্র রাখার বিষয়টি নিশ্চিত করে পরিচালক বিল কনডন বলেন, “এ ছবিতে লি ফোউ নামের একটি সমকামী চরিত্র আছে। যে গ্যাস্টন-এর প্রতি আসক্তি বোধ করে। সিনেমায় এই সমকামী আসক্তির বিষয়টি সুন্দর ও স্বাভাবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রয়োজনেই এ দু’টি চরিত্র রাখতে হয়েছে আমাকে।”
এমা ওয়াটসন ও ড্যান স্টিভেন অভিনীত ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’-এর দু’টি গুরুত্বপূর্ণ চরিত্র লি ফোউ ও গ্যাসটন হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জশ গ্যাড ও লুক ইভান্স। ১৭ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি।
