২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে ও মেয়েকে সম্পত্তির সমান ভাগ দেবেন অমিতাভ

ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা নন্দাকে মৃত্যুর পর নিজের যাবতীয় সম্পত্তি সমানভাবে ভাগ করে দেবেন অমিতাভ বচ্চন। সম্প্রতি সামাজিক যোগোযোগ মাধ্যমে এ কথা জানালেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 06:56 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

৭৪ বছর বয়সে এখনও বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন বিগ বি। একের পর এক অভিনয় করে চলেছেন নতুন নতুন সব চরিত্রে। পেশাগত জীবনে সফল এই অভিনেতা ব্যক্তিজীবনে দুই সন্তানের পিতা। বরাবরই নারী স্বাধীনতা ও নারী-পুরষ সমান অধিকারে বিশ্বাসী এ তারকা এবারে প্রমাণ করলেন তার কথার সত্যতা।

সম্প্রতি টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে তাকে একটি হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমি যখন মরে যাব তখন আমার রেখে যাওয়া সকল সম্পত্তির সমান মালিক হবে আমার মেয়ে ও ছেলে। আমি নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাস করি। আমরা সবাই সমান।”

সামনেই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত ‘সরকার থ্রি’ সিনেমাটি। রাম গোপাল ভার্মা পরিচালিত ক্রাইম থ্রিলার ‘সরকার’-এর তৃতীয় এই কিস্তিতে আরও অভিনয় করছেন মনোজ বাজপেয়ী, জ্যাকি শ্রফ, ইয়ামী গৌতম সহ আরও অনেকে।