২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘ঠাঁই নাই’

ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষের অধিকার ও মুক্তির আন্দোলন মূখ্য? নাকি বুর্জোয়া সমাজের প্রতিনিধিত্ব্ করে জীবনের পথ পাড়ি দেওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য? এমনই বিষয় ঘিরেই নির্মিত এই নাটক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 09:43 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

রাষ্ট্রের ও সমাজের জন্য কখনো কখনো ব্যক্তিজীবনের প্রিয় মানুষের সঙ্গেও দূরত্ব তৈরি করার মত প্রেক্ষাপটকে উপজীব্য করে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ঠাঁই নাই’। নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা সেন্টু।

Image
ছবি: ‘ঠাঁই নাই’ নাটকের দৃশ্য, নির্মাতার সৌজন্যে

ছবি: ‘ঠাঁই নাই’ নাটকের দৃশ্য, নির্মাতার সৌজন্যে

নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থী যাদের একজনের জীবন দর্শনের সঙ্গে আরেকজনের জীবনের দর্শনের কোনো মিল নেই। ছেলেটি বামধারার রাজনীতিতে বিশ্বাসী। তার কাছে মানুষের মুক্তি, মানুষের মুল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো মূখ্য। অন্যদিকে তার বান্ধবী আধুনিক ধ্যান ধারনায় বিশ্বাসী। এক সময় ছেলেটি তার বান্ধবীকে নিয়ে বাম রাজনীতির সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি তাকে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব ও চেতনা সম্পর্কে অবহিত করে। ঘটনাক্রমে এক পর্যায়ে মেয়েটি তার প্রেমে পড়ে যায়। ছেলেটিকে প্রেমের প্রস্তাবও দেয় মেয়েটি। কিন্তু ছেলেটি কি তার বান্ধবীর প্রেমে সাড়া দিবে নাকি তার রাজনৈতিক দর্শনকে ধারন করে জীবনের সামনের পথে পাড়ি দেবে। এমন নাটকীয়তায় এগিয়ে গেছে ‘ঠাঁই নাই’ নাটকের কাহিনি।

‘ঠাঁই নাই’ নাটকে অভিনয় করেছেন অহনা রহমান, সাব্বির আহমেদ সহ আরো অনেকে । নাটকটি রচনা করেছেন নজরুল ইসলাম।

নাটকটি প্রসঙ্গে গ্লিটজকে সেন্টু বলেন,“ ‘ঠাঁই নাই’ নাটকটিকে বামধারার দর্শনের একটি নাটক বলা যেতে পারে। কারন নাটকে শ্রমিকের জয়, মানুষের জয় ও কার্লমাক্সকে নিয়ে কিছু কথা ইত্যাদি সবকিছু মিলিয়ে নাটকটি একটি তাত্ত্বিক নাটক। আমার বিশ্বাস গতানুগতিক নাটকের গল্পের বাহিরের গল্পের এই নাটকটি দর্শকরা বেশ ভালোই উপভোগ করবেন।”

সম্প্রতি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে খণ্ড নাটকটি।