২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘কনফিউসড’

তরুণ বয়সে ক্যারিয়্যারের প্রতি গুরুত্ব না দিয়ে অযথা সময় নষ্ট করা ও নিজের সামর্থ্যর বাহিরে যে কোন সিদ্ধান্ত গ্রহণ জীবনে কেমন প্রভাব ফেলতে পারে সেই বিষয়গুলোকে ঘিরেই নির্মিত হয়েছে এই নাটক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 11:04 PM

কোনো লক্ষ্য নির্ধারণ না করার পাশাপাশি প্রিয়জনের সঙ্গে সর্ম্পকগুলো কখনো কখনো অবহেলার কারনে জীবনে নিঃস্ব ও দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়ার মত ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘কনফিউসড’। নাটকটি নির্মাণ করেছেন মীর আসাদুজ্জামান আরিয়ান।

নাটকের গল্পে দেখা যাবে, মহল্লার অস্কার ভাই ও লাভগুরুর খুব কাছের ছোট ভাই সুমন। যে কখনোই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াস না। তার কাছে জীবনটা অনেকটা হেসে-খেলে কাটিয়ে দেওয়ার মত। জীবনকে ইচ্ছে মত উপভোগের জন্য সে অস্কার ভাইকে অভিনেতা বানানোর স্বপ্ন দেখিয়ে তার কাছ থেকে ধাপে-ধাপে অনেক টাকা ঋণ করে। কিন্তু ইতমধ্যে সুমনের সঙ্গে মালার সাত বছরের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। মালার সঙ্গে বিচ্ছেদের পরে সুমনের জীবনে পায়েল ও সিনির আগমন ঘটে। ঘটনাক্রমে সবগুলো প্রেমে ব্যর্থ হওয়া ও অস্কার ভাইয়ের ঋণ পরিশোধের চাপের কারনে আত্নহত্যার পদক্ষেপ নেয় সুমন। সেই মূর্হুতে তার জীবনের এক সাবেক প্রেমিকা ফিরে এসে তার জীবনের মোড় ঘুড়িয়ে দেয় এবং সেই মেয়ের সঙ্গে বিয়ের দিন সুমনের জীবনে নানান নাটকীয় ঘটনার মাধ্যমে এগিয়ে যায় ‘কনফিউসড’ নাটকের কাহিনি।

‘কনফিউসড’ নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, আনন্দ খালেদ, জামিল হোসেন প্রমুখ।

নাটকটিতে তরুণ প্রজন্মের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে। এমনটাই দাবী নির্মাতার।

গ্লিটজকে আরিয়ান বলেন,“জীবনে নিজের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যে জীবনকে উপভোগ করা ও জীবনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো গ্রহণ করা। জীবনে কখনোই সময়কে অবহেলায় নষ্ট করা উচিত নয়। সেক্ষেত্রে কখনো কখনো জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারানোর পাশাপাশি জীবন চরম হতাশায় পতিত হতে পারে।”

‘কনফিউসড’ নাটকটি নির্মাণের পাশাপাশি নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ।

সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে খণ্ড নাটকটি।