অভিষেকেই ছক্কা হাঁকালেন দীপিকা!
২০১৭ সালের এখনও সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মুকুট জয় করেছে দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল অভিনীত ‘ট্রিপল এক্স : দ্য জ্যান্ডার কেইজ’ সিনেমাটি।
বলিউডের ব্যবসাসফল অভিনেত্রীর তকমা জুটেছে আগেই। এবারে হলিউডেও সে ধারা বজায় রাখলেন দীপিকা পাড়ুকোন। অভিষেক ছবিতেই ছক্কা হাঁকালেন এই বলিউড সুন্দরী!
ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, ৩০ কোটি ১০ লাখ মার্কিন ডলার আয় করেছে করেছে ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় এ ছবিটি। জমজমাট অ্যাকশন ও ভিন-দীপিকার আবেদনময় পর্দা রসায়ন ছবিটিকে নিয়ে গেছে অন্যতম ব্যবসাসফল ছবির কাতারে।
২০ কোটি ৪৮ লাখ ডলারের আয় নিয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ‘ফিফটি শেডস অফ গ্রে’র সিক্যুয়াল ‘ফিফটি শেডস ডার্কার’। তৃতীয় অবস্থানে আছে চীন-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘কুংফু ইয়োগা’। সারা বিশ্বে এটি আয় করেছে ২০ কোটি ৪৬ লাখ ডলার ।
