২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার মাসে মুক্তি পাচ্ছে ‘ভুবনমাঝি’

সেন্সর ছাড়পত্র পেল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবনমাঝি’। মার্চ মাসেই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে দেশের বড়পর্দায়। নির্মাতা জানালেন,মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে এই প্রথম উঠে আসছে মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:39 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

ফখরুল আরেফিন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ভুবনমাঝি’। ১৯৭১ এবং তার পরবর্তী বাংলাদেশের বিশাল ক্যানভাসে চলচ্চিত্রটির গল্প তুলে ধরেছেন নির্মাতা। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন টালিগঞ্জের অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়, অপর্ণা, মাজনুন মিজানসহ আরও অনেকেই।

সিনেমাটি ঘিরে নির্মাতা জানালেন তার মুক্তি প্রস্তুতির কথা, “ ‘ঢাকা টকিজ ছবিটির ডিস্ট্রিবিউশনের কাজ করছে, যারা ‘আয়নাবাজী’র ডিস্ট্রিবিউট করেছিল। তাদের সঙ্গে পরিকল্পনা চলছে, মার্চের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার। আশা করছি ১ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই চলচ্চিত্রটি মুক্তি পাবে। প্রথমেই খুব বেশি হলে যাচ্ছে না, ১২-১৩টা হলে মুক্তি পাবে ‘ভূবনমাঝি’।”

ঢাকাই চলচ্চিত্রে যখন দর্শক-খরা, সবাই ছুটছে মশলানির্ভর গল্প আর চমকপ্রদ কাহিনির নির্মাণে। সেই সময়ে এসে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রতি ঝুঁকলেন কেন?

 

কিছুটা অতীতে ফিরে ফখরুল আরেফিন শোনালেন চলচ্চিত্রটি নির্মাণের পেছনের গল্প- “আমার সর্বশেষ প্রামাণ্যচিত্রটি নির্মাণে যখন আমি কুষ্টিয়া যাই, তখন নানা মানুষের সঙ্গে আলাপ করতে করতে একজন মুক্তিযোদ্ধার মুখোমুখি হই। তার মুখে যে গল্পটা শুনি সেটা ছিল গতানুগতিক যুদ্ধের গল্প থেকে একেবারে ব্যাতিক্রম।  তিনি খুব ভীতু ছিলেন, মুক্তিযুদ্ধে যেতে চাইতেন না, পালাতে চাইতেন। তার মুখে শোনা গল্পের অনুপ্রেরণাতেই আমি পরবর্তীতে ধীরে ধীরে সিনেমার গল্পটাকে দাঁড় করাই।”

নির্মাতা আরও বলেন, “সিনেমার গল্পটা ১৯৭০ এ শুরু হয়ে ২০১৩ তে এসে শেষ হয়। মুক্তিযুদ্ধ নিয়ে আগে অনেক কাজ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে আধুনিক বাংলাদেশের কেউ সংযোগ স্থাপন করেনি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, মুক্তিযুদ্ধ ও তার পরের বাংলাদেশের যে গল্প তা তুলে ধরতে। ফলে চলচ্চিত্রটি সাধারণ দর্শকদের জন্য খুব উপভোগ্য হবে।”