২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির ‘১৯তম ভারত রঙ্গ মহোৎসব’-এ ‘প্রথম পার্থ’

দিল্লিতে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের মঞ্চ নাটক ‘প্রথম পার্থ’। আগামীকাল ৭ ফেব্রুয়ারি স্থানীয় অভিমঞ্চে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 08:42 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

ভারতের দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘১৯তম ভারত রঙ্গ মহোৎসব’এ আমন্ত্রণ পেয়েছে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী। উৎসবে যোগ দিতে এরই মধ্যে দিল্লিতে পৌঁছে গেছে নাটকের দলটি। মহাভারতের কাহিনি অবলম্বনে বুদ্ধদেব বসুর লেখা ‘প্রথম পার্থ’নাটকটি উৎসবে প্রদর্শিত হবে বলে দলসূত্রে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির অভিমঞ্চে নাটকটি প্রদর্শিত হবে।

জয়িতা মহলানবীশের নির্দেশনায় নাটকটিতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করছেন তানিয়া হোসাইন। তিনি ছাড়াও এ নাটকে অভিনয় করছেন শিরিন বকুল, গোলাম শাহরিয়ার সিক্ত, তানিয়া হোসাইন, নুরজামান রাজা, মুকুল, পলাশ, মিজান, বাঁধন ও রেজা। নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন পার্থ পড়ুয়া। মঞ্চ ও আলোক পরিকল্পনা পলাশ হেনড্রী সেনের।

উল্লেখ্য, ১৯৯২ সালে গঠিত হয় নাট্যদল আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী। ২০০৯ সালে দলটি প্রথম মঞ্চে আনে কবীর চৌধুরীর অনুবাদে আতাউর রহমানের নির্দেশনায় বিশ্বখ্যাত নাট্যকার স্যামুয়েল বেকেটের নাটক ‘ওয়েটিং ফর গডো’।  বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ নাট্যদলটির দ্বিতীয় প্রযোজনা। ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি এ নাটকটি প্রথম মঞ্চে আনে তারা।