মরণোত্তর চক্ষুদান করবেন হৃতিক
মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অভিনেতা হৃতিক রোশন।
হৃতিকের অভিনয়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো চোখের অভিব্যক্তি। এবার মৃত্যুর পর সেই চোখজোড়াই দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঐশ্বরিয়া রায়, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সুনীল শেঠি, মাধবন, রানী মুখার্জি, সোনাক্ষী সিনহা এবং হেমা মালিনীর পর তিনিও মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিলেন।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, আদিত্য জ্যোতি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক ডাক্তার নটরঞ্জন হৃতিকের বাবা রাকেশ রোশনকে জিজ্ঞাসা করেছিলেন, তার ছেলে চক্ষুদানের ব্যাপারে আগ্রহী কিনা। নটরঞ্জনকে অবাক করে রাকেশ জবাব দেন, হৃতিক অনেক আগে থেকেই এরকমটা ভাবছেন!
যদিও হৃতিক এই খবরটা গোপনই রাখতে চেয়েছিলেন, তবে রোশন পরিবার শেষ পর্যন্ত সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেই দাবি করেন নটরঞ্জন, “হৃতিক তার জন্মদিনেই(১০ জানুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে তিনি এটা কাউকে জানাতে চাননি কারণ এটাকে‘কাবিল’ সিনেমার প্রচারণা হিসেবে চালিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। এখন ‘কাবিল’ সাফল্য পাচ্ছে, তাই তিনি ভাবছেন এখন খবরটা ছড়ালে সবাই চক্ষুদানের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে।”
কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘কাবিল’ সিনেমায় একজন অন্ধের চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক ও ইয়ামি গৌতম। এখন পর্যন্ত সিনেমাটি ৮০ কোটি রুপির উপরে আয় করেছে।
