‘শ্রদ্ধার চিন্তা নেই কারণ তার বাবা ধনী’
পরপর দুটি সিনেমা ফ্লপ হলেও এ নিয়ে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের চিন্তিত হবার কোনো কারণ দেখছেন না তার বাবা শক্তি কাপুর।
শ্রদ্ধা কাপুর অভিনীত ২০১৬ সালের শেষে মুক্তি পাওয়া ‘রক অন টু’ এবং চলতি বছরের শুরুর ছবি ‘ও কে জানু’ অপ্রত্যাশিতভাবে বক্স অফিসে ব্যর্থ হয়। শোনা যাচ্ছে, এই ব্যর্থতার জেরে নিজের ব্যবস্থাপনা দলে বড় পরিবর্তন আনছেন তিনি। তবে শ্রদ্ধার বাবা জানালেন ভিন্ন কথা ।
নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো খলনায়ক ডিএনএকে বলেন, “শ্রদ্ধার একজন ধনী বাবা আছেন। সুতরাং ওর এসব নিয়ে ভাবতে হবে না।”
শ্রদ্ধার ব্যবস্থাপনা দলে পরিবর্তনের গুজবও উড়িয়ে দেন তিনি।
“ওর দলের কাউকেই আমরা পরিবর্তন করছি না। আমি জানি না, কোত্থেকে এসব খবর বেরোয়। তার ব্যবস্থাপক এবং তার দলের সবাই খুবই ভালো কাজ করছে। সত্যি বলতে, ওর ব্যবস্থাপকের সঙ্গে শ্রদ্ধাকে আমিই পরিচয় করিয়ে দিয়েছিলাম। ও তাদের সবচেয়ে পুরোনো গ্রাহকদের একজন; ‘আশিকি টু’-র আগে থেকেই ওরা একত্রে কাজ করছে।”
শক্তি আরও দাবি করেন আলিয়া ভাট-এর চেয়েও বেশি বিজ্ঞাপনী চুক্তি রয়েছে শ্রদ্ধার হাতে।
তিনি বলেন, “ও এখন প্রায় ১২-১৩ টা ব্র্যান্ডের পন্যদূত হিসেবে কাজ করছে। আলিয়া ভাট-এর চেয়ে বেশি! ও খুবই ভালো কাজ করছে। আর তাই, আমরা কেন ওর দলকে বদলে ফেলবো?”
শ্রদ্ধা কাপুর এখন কাজ করছেন নতুন সিনেমা ‘হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই’ সিনেমায়। এতে তিনি অভিনয় করেছেন কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহীম-এর বোনের চরিত্রে। এর আগেই অবশ্য মুক্তি পাবে মোহিত সুরি পরিচালিত ‘হাফ গার্লফ্রেন্ড’; এতে শ্রদ্ধার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর।
