উৎসব শেষে ক্ষুদে নির্মাতার মুখে হাসি
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানে আয়োজিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে এবারের আকর্ষণ ছিলো ক্ষুদে নির্মাতারা। সোমবার উৎসব শেষে ক্ষুদে নির্মাতাদের হাতে প্রশংসাপত্র তুলে দেন ড. মুহাম্মদ জাফর ইকবাল।
সপ্তাহব্যাপী শিশুদের পদচারণায় মুখর ছিলো উৎসব প্রাঙ্গণ। এবার ভাঙলো সেই মিলনমেলা। উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত হলেন ক্ষুদে নির্মাতারা, সঙ্গে বড়রাও। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ। আরও উপস্থিত ছিলেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, আয়োজক সংগঠন‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম এবং উৎসব পরিচালক আবীর ফেরদৌস।
উৎসবে শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় সেরা ছবির পুরষ্কার পেয়েছে রিয়াদ সান এবং নাহিদ পারভেজের তৈরি ছবি ‘দ্য পাপেট শো’। ২য় সেরা ছবি নির্বাচিত হয়েছে নাবিদ হাসনাত ও শিফাতুল অপূর্ব এর ছবি‘বাক্সবন্দী’। ৩য় পুরষ্কার পেয়েছে সাইয়েদুল আবরারের তৈরি ‘অ্যালান কুর্দি ফ্রম হেভেন’ নামের একটি অ্যানিমেটেড ছবি।
ছবি: আয়োজকদের সৌজন্যে
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বড়দের তৈরি ছবির মধ্যে ছিল তিনটি পুরষ্কার। যেখানে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরষ্কার পেয়েছে জার্মানীর ছবি ‘অ্যাট আই লেভেল’। সেরা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে সুইজারল্যান্ডের ছবি ‘হাইডি অ্যট দ্য ফলি আর্টিস্ট’। এছাড়া সেরা পরিচালকের পদকটি পেয়েছেন বুলগেরিয়ার পরিচালক রিসতো সিমেওনভ।
উৎসবে ১৮-২৫ বছর বয়সীদের বিভাগে পুরষ্কার পায় হেমন্ত সাদিকের পরিচালনায় ছবি ‘আ লেটার টু গড’। আর ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ’ বিষয়ের উপর সামাজিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে‘খেলাঘর’ নামের একটি স্টপমোশন অ্যানিমেশন।
‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে সারাদেশে (ঢাকা, রাজশাহী ও রংপুর) মোট ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
