‘বাংলা খেয়াল উৎসব’
তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। দু’দিনব্যাপী এ উৎসবে নবীন-প্রবীনদের সমন্বয়ে দেড়শ শিল্পী সংগীত পরিবেশন করবেন।
রাগসঙ্গীতের শাখাসমূহের মধ্যে খেয়ালের স্থান সর্বাগ্রে। বাংলায় যেসব সঙ্গীত-ঘরানার প্রচলন আছে, সেসবের মধ্যে খেয়াল-ঘরানা অন্যতম।প্রতিবছরের মতো এবারও সেই খেয়ালের তানেই ভাসাবেন দেশের শিল্পীরা। ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে‘বাংলা খেয়াল উৎসব’। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ নবীনশিল্পীদের অংশগ্রণ। এমনটাই জানা গেলো, চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদসম্মেলনে। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতজ্ঞ আজাদ রহমান ও শিল্পী ফেরদৌস আরা।
এবারের উৎসবে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ ৩৪টি সঙ্গীত প্রতিষ্ঠান এবং ১৫০ জন শিল্পী। নবীন শিল্পীদের পাশাপাশি গাইবেন ফেরদৌস আরা, ওস্তাদ করিম শাহবুদ্দীন, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রী, তানজিনা করিম স্বরলিপি, হারুনুররশিদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দীন, গাজী আব্দুল হাকিম, ফিরোজ খান, লিও জে বাড়ৈ প্রমুখ শিল্পী।
৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ০১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই উৎসব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দিলরুবা সাথী। এটি প্রযোজনা করছেন অনন্যা রুমা।
