২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মাবতী’র সেটে হামলা: নিন্দায় মুখর তারকারা

শুক্রবার ভারতের জয়পুরে সঞ্জয় লীলা বনসালির ইতিহাসনির্ভর সিনেমা ‘পদ্মাবতী’র শুটিং সেটে করনি সেনা দলের হামলা ও পরিচালক লাঞ্ছিতের ঘটনায় বলিউড জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও নিন্দার ঝড়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 08:51 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

সঞ্জয় লীলা বনসালির মতো একজন জ্যেষ্ঠ নির্মাতার গায়ে হাত তোলাকে গণতন্ত্রের জন্য বড় আঘাত বলে মনে করছেন বলিউড তারকারা। পরিচালক বিক্রম ভাট, করন জোহর ও ‘পদ্মাবতী’তে অভিনয়কারী দীপিকা পাড়ুকোন, রনভির সিং ও শহিদ কাপুর তাৎক্ষণিকভাবে ব্যক্ত করেছেন তাদের প্রতিক্রিয়া।

পরিচালক বিক্রম ভাট তার টুইট পোস্টে লিখেছেন, “আমরা নির্মাতারা এবং সৃজনশীল কাজের সঙ্গে জড়িতেরা আজ বড়ই অসহায়। প্রতি মুহূর্তে আমাদের ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি কেই আমাদের দিকে আঙ্গুল তুললো, এই বুঝি কেই আমাদের হুমকি দিলো। আমাদের দেশে একজন নির্মাতার তার স্বধীন ইচ্ছে মতো কাজ করারও অধিকার নেই। সঞ্জয়, আমরা পুরো ইন্ডাস্ট্রি তোমার পাশে আছি।”

এদিকে এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও অপ্রত্যাশিত বলে উল্লেখ করে পরিচালক করন জোহর বলেন, “আজকাল ছবির শুটিং ও মুক্তি নিয়ে ভারতে যা হচ্ছে তা অত্যন্ত হতাশাজনক। এটি একজন শিল্পীর জন্য খুবই ক্ষতিকর। তবে আমি খুবই খুশি যে সবাই বনসালীর প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করছে। এটি সময় আমাদের সবার একত্রিত হয়ে কিছু করার।”

‘পদ্মাবতী’তে নাম ভূমিকায় অভিনয়কারী দীপিকা পাড়ুকোন লিখেছেন, “আমি পদ্মাবতী। আমি আপনাদের বলছি, সিনেমাতে কোনো ইতিহাস বিকৃতি ঘটেনি। গতদিন জয়পুরে যা ঘটেছে তা খুবই দু:খজনক। যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না। কিন্তু আমি বলবো, তার মতো পরিচালকের সঙ্গে এমন আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়।”

‘পদ্মাবতী’ সিনেমায় আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয়কারী রনভির সিং লিখেছেন, “ভারতের অন্যতম নামকরা একজন পরিচালকের সঙ্গে যা ঘটলো তা খুবই দুরাভাগ্যজনক। সঞ্জয় লীলা বনসালি এ ছবিতে কোনো ইতিহাস ‍বিকৃতি ঘটাননি। রাজস্থানের লোকেরা যা করেছে আমি আশা করি তারা তাদের ভুল বুঝতে পারবে এক সময়।”

‘পদ্মাবতী’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রাজা রতন সিং এর চরিত্রে অভিনয়কারী শহীদ কাপুর লিখেছেন, “হানাহানি কখনোই ভাল কিছু বয়ে আনতে পারে না। সঞ্জয় লীরঅ বনসালি একজন অত্যন্ত গুণী নির্মাতা। তার প্রতি এ অস্মান আমি সহ্য করতে পারছি না। তিনি কতটা সুন্দরভাবে এ সিনেমাতে পদ্মাবতিী’র ইতিহাসকে উপস্থাপন করছেন তা ছবিটি মুক্তি পেলেই আপনারা দেখতে পারবেন। আমার দু:খ হচ্ছে যে হামলার সময় তার পাশে থাকতে পারলাম না।”

এর আগে ‘যোধা-আকবর’ সিনেমা নির্মানের সময় করনি সেনাদলের তোপের মুখে পড়েছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। সেবারও সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে শুটিং বন্ধ করার দাবি জানিয়েছিলো এ দলটি।