২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘বিষচোখ’

সমাজের প্রতিটি স্তরেই এক নারীকে প্রতিনিয়ত পুরুষশাসিত সমাজে পুরুষের কুদৃষ্টির স্বীকার হতে হয়। ফলে সে প্রতিনিয়তই শারিরিকভাবে ধর্ষিত না হলেও মানসিকভাবে ধর্ষণের যন্ত্রনার মধ্য দিয়ে বিচারহীনতার কঠিন সময়গুলো অতিক্রান্ত করে। এমনই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘বিষচোখ’। নাটকটি নির্মাণ করেছেন বান্টি আফজাল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 08:29 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

নাটকটি প্রসঙ্গে গ্লিটজকে বান্টি বলেন, “আমরা অনেক সময় অনেক কিছুই খুব নেতিবাচক হিসেবে দেখি। যেমনটি এই নাটকের গল্পে ফুটে উঠবে। নাটকে জবা মেয়েটির প্রতি সমাজের বিভিন্ন মানুষের মনে খারাপ চিন্তা থাকলেও তাকেই সম্মান ও ভালোবাসার চোখে দেখে এই সমাজের একজন মাস্তান। মানুষটি চায় জবাকে নিয়ে সুন্দর একটি জীবন গড়তে। কিন্তু সেখানেই বাধা হয়ে দাড়ায় সমাজ।”

তিনি আরো বলেন, “সাধারনত আমরা যার চোখে সবচেয়ে বেশি বিষ আশা করি বরং তার চোখেই অনেক সময় বিষ থাকার বদলে থাকে ভালোবাসা। মূলত এই সমাজে কার বিষচোখ আছে আর কার নেই, এটা সামাজিক অবস্থান দিয়ে কখনোই নির্ধারিত হয় না।”

নাটকের গল্পে দেখা যাবে, শহরের এক বস্তিতে জবা নামের একজন মেয়ে বসবাস করেন। যেথানে সূর্য্য নামের এক মাস্তানও বসবাস করেন। কিন্তু জবার প্রতি বস্তির মাস্তানের কুদৃষ্টি থাকার বদলে জবার আশেপাশের মানুষের কুদৃষ্টি থাকে তার উপর। একসময় জবা ও সূর্য্য মধ্যে ভালোবাসার সর্ম্পক তৈরি হলেও তার মাধে দেওয়াল হয়ে দাড়ায় সমাজ।

‘বিষচোখ’ নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও সালহা খানম নাদিয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন ইকবাল হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।

‘বিষচোখ’ নাটকের গল্প ,চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আমিরুল ইসলাম। তবে নাটকটির মাধ্যমে দর্শকদের নাকি একটি বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করেছেন বান্টি।

গ্লিটজকে তিনি বলেন, “প্রতিনিয়ত আমাদের সমাজে যে পরিমানে নারীরা ভিক্টিমাইজ হচ্ছে এই অবস্থা থেকে তাদেরকে আমরা পুরুষরাই মুক্তি দিতে পারি। এখন আমাদের পুরুষদের ভাবতে হবে আমরা নারীকে আরও ভিক্টিমাইজ করবো নাকি পুরুষরা নারীদেরকে সম্মান দিয়ে তাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করবো।”

সম্প্রতি নাটকটির দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়েছে। রাজধানীর আগারগাও বিএনপি বস্তি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারী টেলিভিশনে নাটকটি প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা।

‘বিষচোখ’ নাটকের ছবি নির্মাতার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।