কলকাতায় ‘শিকারি’র জয়!
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ২৫তম কলাকার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘শিকারি’।
শুধু তাই নয় সিনেমায় অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জয় করেছেন টলিউড সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এ প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন গ্লিটজকে বলেন, “আমরা খুবই আনন্দিত। এই পুরস্কার পাওয়ার মাধ্যমে ভালো সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। যে কোনো পুরস্কার প্রাপ্তি কাজের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা দুটোই আরো বেশি বাড়িয়ে দেয়। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কারণ সিনেমাটিতে আমাদের দেশের নায়ক শাকিব খান অভিনয় করেছেন।”
তিনি আরো বলেন, “সিনেমায় কলকাতার ও বাংলাদেশের কলাকুশলীরা কাজ করেছেন। একটি ভালো সিনেমা নির্মাণ করতে হলে কেবলমাত্র টাকা লগ্নি করলেই হয় না তার সঙ্গে সিনেমার সকল কলাকুশলীদের সহযোগিতা প্রয়োজন। তাই সিনেমার সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারন এটা আমাদের সকলেরই সাধনার ফল।”
২০১৬ সালে বাংলাদেশের বক্সঅফিসে সেরা ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে তালিকায় ঠাঁই করে নেয় জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয় 'শিকারি' চলচ্চিত্রটি ।সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জী। গত বছরের ঈদুল ফিতরে বাংলাদেশ এবং ভারতের স্বাধীনতা দিবসে কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। এরপর সাফল্যের ধারাবাহিকতায় ‘শিকারি’ ২০১৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া, নভেম্বরে মালয়েশিয়া এবং ডিসেম্বরে ফ্রান্সে মুক্তি পায়।
