ফটোসাংবাদিকের উপর চড়াও হলেন পুলকিত!
আদালত চত্বরে এক ফটোসাংবাদিকের উপর চড়াও হলেন বলিউড অভিনেতা পুলকিত সম্রাট।
ক’দিন ধরেই শোনা যাচ্ছিলো আলাদা হতে চলেছেন পুলকিত সম্রাট ও শ্বেতা রোহিরা। আদালতে বিচ্ছেদ আবেদন ফাইল করে বেরিয়ে আসার সময় এক ফটোসাংবাদিকের উপরে চড়াও হতে দেখা গেলো এ তারকাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আদালত চত্বর থেকে বেরিয়ে আসার সময় পুলকিতকে ঘিরে ধরে ফটোসাংবাদিকরা। এ সময় ক্যামেরার চোখ এড়াতে দৌড়ে বেরিয়ে যাওার চেষ্টা করেন তিনি। ফটো সাংবাদিকরাও তাড়া করে তাকে। এরপর ফটোসাংবাদিকেদের দিকে তেড়ে আসেন পুলকিত। তিনি ও তার দেহরক্ষীর হাতে লাঞ্ছিত হন সন্তোষ নাগারকর নামে এক ফটোসাংবাদিক।
পুলকিত জানায়, তার এক আত্মীযের গায়ে ধাক্কা দিয়েছিলো ওই ফটোসাংবাদিক। সে কারণেই নাকি রাগ নিয়ন্ত্রনে রাখতে পারেননি তিনি।
পুলকিতের সর্বশেষ ছবি ‘সনম রে’-র সহঅভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে তার প্রেমের অভিযোগ এনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন শ্বেতা।
২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত। বলিউড তারকা সালমান খানের ‘রাখি-বোন’ হিসেবে পরিচিত শ্বেতা রোহিরা।
